গত ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে চার গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়নদের নিয়ে এক প্রকার ছেলে খেলাই করেছিল পেপ গার্দিওলার শিষ্যরা।
এক ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এ নিয়ে চলতি মৌসুমে ঘরের মাঠে ১৭ এবং আগের মৌসুম মিলিয়ে টানা ২৪ ম্যাচে জয় পেল লিভারপুল। আগেই শিরোপা নিশ্চিত করা লিভারপুলের ৩৩ ম্যাচে ২৯ জয় নিয়ে সংগ্রহ ৮৯ পয়েন্ট।
দুই দলের কেউই প্রথমার্ধে কোনো সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে চাপে ফেলে দেয় অ্যাস্টন ভিলা। ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন যদি আনোয়ার এল গাজির নিচু শট ঝাঁপিয়ে না ফেরাতেন তাহলে বিপদেই পড়তো লিভারপুল।
তবে এরপর ক্রমেই খেলার নিয়ন্ত্রণ নেয় দলটি। বিশেষ করে ৬১তম মিনিটে ওরিগি, ফাবিনিয়ো ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের পরিবর্তে রবের্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন ও জর্জিনিয়ো ভেইনালডামকে নামানোর পর।
বদলি খেলোয়াড় নামানোর পর প্রথম সাফল্য পায় লিভারপুল। ৭১তম মিনিটেই জালের ঠিকানা খুঁজে পায় দলটি। বাঁ প্রান্ত থেকে নেবি কেইতার বাড়ানো বল বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সেলেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।
৮৯তম মিনিটে দলের দ্বিতীয় ও চলতি মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান ১৯ বছর বয়সী জোন্স।

