পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেইসবুক পেইজে ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির দায়ে পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
ভিডিওতে বলা হয়, “শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমেদ এ ব্যাপারে তখনকার মেজর জিয়াকে সমর্থন দেন।”
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ওই ভিডিওকে কেন্দ্রে করে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে মঙ্গলবার বিকালে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পরে পররাষ্ট্র সচিব (বাইলেটারাল ও কনস্যুলার) কামরুল আহসান তাকে ডেকে নিয়ে ৫০ মিনিট কথা বলেন এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি ধরিয়ে দেন বলে কর্মকর্তারা জানান।
গত বৃহস্পতিবার তাদের ফেইসবুক পেইজে ওই ভিডিও শেয়ার করলে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে খবর আসে। পরে এ নিয়ে আলোচনা শুরু হলে হাই কমিশনের ফেইসবুক পেইজ থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
সচিব কামরুল আহসান বলেন, বাংলাদেশ ইতিহাস বিকৃতির ওই চেষ্টার প্রতিবাদ জানিয়েছে এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে। হাই কমিশনারকে বলা হয়েছে, এ রকম চললে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাস ইতিহাসই। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন পথে নেওয়া যাবে না।
সচিব জানান, পাকিস্তানের হাই কমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা ‘অনিচ্ছাকৃত’ এবং তারা বিষয়টি ‘বুঝে উঠতে পারেননি’। পরে তারা ভিডিওটি তাদের ফেইসবুক পেইজ থেকে সরিয়ে ফেলেছেন।
