ইনস্টাগ্রাম ভয়েস ও ভিডিও কল ফিচার আনছে




ইনস্টাগ্রাম ভয়েস ও ভিডিও কলিং ফিচার আনতে কাজ করছে। এসব ফিচার শিগগিরই যুক্ত হবে প্রতিষ্ঠানটির প্লাটফর্মে। প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাটকে টেক্কা দিতে সর্বশেষ পদক্ষেপ হিসেবে ইনস্টাগ্রাম এসব ফিচার আনতে যাচ্ছে।
টেকক্রাঞ্চ জানায়, তাদের অনুসন্ধানে অ্যাপটির প্লাটফর্মের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজে ‘কল’ ও ‘ভিডিও কল’ নামে লুক্কায়িত আইকনের সন্ধান মিলেছে।
বিষয়টি ঘিরে ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামের কেউ মন্তব্য করতে রাজি হননি।
গত মাসে বিভিন্ন অ্যাপের নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো ওয়াবেটাইনফো অ্যাপটিতে ভিডিও কলিং ফিচারের আইকন ধরতে পেরেছে। তবে ইনস্টাগ্রাম কবে নাগাদ অ্যাপটিতে ভয়েস ও ভিডিও কলিং ফিচার যুক্ত করবে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ইনস্টাগ্রামে নতুন ফিচার যুক্ত হলে অ্যাপটির গ্রাহক বাড়তে পারে। এর ফলে প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইনস্টাগ্রামের বিরুদ্ধে স্ন্যাপচ্যাটের ফিচার নকল করার অভিযোগ রয়েছে। ২০১৬ সালে ফেসবুক তার ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম চালু করে। ভয়েস ও ভিডিও কলিং ফিচার চালুর মাধ্যমে স্ন্যাপচ্যাটকে ছাড়িয়ে যেতে চায় ইনস্টাগ্রাম। ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কলিং ফিচার চালু রয়েছে। এসব মেসেজিং অ্যাপের কোটি কোটি গ্রাহক রয়েছে। তারা টেক্সট বাদেও ভয়েস ও ভিডিও চ্যাটের সুযোগ পেয়ে আসছে।