করোনাভাইরাসের প্রভাবে থেমে আছে বিশ্বের ক্রীড়াঙ্গন। স্থগিত হয়ে আছে ইউরোপের শীর্ষ পাঁচ লীগ। বাতিল হওয়ার প্রথে চ্যম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ। খেলা বন্ধ থাকলেও খেলা নিয়ে আলোচনা বন্ধ নেই। দলবদলের গুঞ্জন উঠছে নামি দামি তারকাকে নিয়ে।
সেই গুঞ্জনে এবার যোগ হলেন লিওনেল মেসি। ইতালীয় ক্লাব ইন্টার মিলান আর্জেন্টাইন অধিনায়ককে কিনতে পারে বলে আলোচনা চলছে ফুটবল বিশ্বে।
মেসির প্রতি ইন্টারের আগ্রহ অনেক পুরোনো। বেশ কয়েকবার তারা চেষ্টাও করেছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মিলানে নিয়ে যাওয়ার।
তার দলবদলের আলোচনার শুরু হয় ইন্টার মিলানের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তির বক্তব্য দিয়ে। মোরাত্তি জানিয়েছিলেন, মেসিকে কিনতে চাওয়াটা ইন্টারের কাছে মোটেও ‘অবৈধ্য স্বপ্ন’ নয়।
মেসি ও ইন্টারের আলোচনার এই পর্বে নতুন রসদ জোগালেন ইতালিয়ান ক্লাবটির ১৯৯৭-৯৮ মৌসুমে উয়েফা সুপার কাপ জয়ী দলের সদস্য কুয়েত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের সাক্ষাৎকারে সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘অবশ্যই ইন্টার লিওনেল মেসিকে দলে নিতে পারে। এতে কোনও সন্দেহ নেই তারা (ইন্টার) এটা করতে পারে। সভাপতি স্টিভেন ঝাংয়ের আর্থিক অবস্থা ভালো এবং আকাঙ্ক্ষাও বেশি। তিনি অনেক বড় চিন্তা করা সভাপতি।’
শৈশবে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেওয়ার পর কোথাও যাননি মেসি। যুব দল পেরিয়ে মূল দল দিয়ে হয়েছেন বিশ্বের সেরা খেলোয়াড়। ভবিষ্যতের ব্যাপারে বারবার তিনি বলেছেন, ক্যারিয়ার শেষ করতে চান বার্সেলোনায়।
তারপরও মেসিকে নিয়ে আলোচনা হয়। মেসিকে কেনার জন্য আগ্রহী হয়ে ওঠে অনেক দল। তবুও মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার আগ্রহ দেখা যায়নি এখন পর্যন্ত!

