একাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এছাড়া তারা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করবে না বলে জানিয়েছে।
তবে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হবে নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে, সে বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে, নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেয়া হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার।
রোববারের একটি সমাবেশ থেকে ইভিএমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনীহা প্রকাশের পরদিন একজন নির্বাচন কমিশনার একথা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিকালে নির্বাচন ভবনে বলেন, “আমাদের প্রধান নির্বাচন কমিশনারসহ সবার অনুভূতি হচ্ছে যে, সেনা মোতায়েন হবে। তবে সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে সেটা বলার সময় হয়নি। কমিশন এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। কমিশন সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সময়ই বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। আমরা কখনোই বলব না যে, সেনা মোতায়েন হবে না।”
ইভিএম বাদ দিয়ে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, “পুরাতন ইভিএম অকার্যকর ঘোষণা করা হয়েছে। কিছু ভালো আছে সেগুলো দিয়ে রংপুর কিংবা অন্য জায়গায় দেখার চেষ্টা করছি ইভিএম কার্যকর করা যায় কি না। তবে এই নির্বাচনে ইভিএম ব্যবহার করতেই হবে এমন চিন্তা কমিশনের নেই।”
ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ায় ইভিএম যুক্ত করার পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে যারা আসবে তাদের পথটা আমরা রুদ্ধ করতে চাই না। তাদের পথ প্রশস্ত করতে চাই। আমাদের ইভিএম ব্যবহারের প্রাথমিক প্রস্তুতি নেই। এখন পর্যন্ত যে দশা দেখছি এটা ব্যবহার সম্ভব নয়। আমাদের একটা স্বচ্ছ নির্বাচন করতে হবে। সেই স্বচ্ছ নির্বাচন প্রশ্নবিদ্ধ যন্ত্র দিয়ে হবে না।”
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এখন আগামী নির্বাচনে ‘সহায়ক সরকার’ চাইছে।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের পাশাপাশি নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন এবং ইভিএমে ভোটগ্রহণের উদ্যোগ বন্ধের দাবি জানান। তবে তার ওই দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেনা মোতায়েন এবং ইভিএম ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেয়নি বলে জানান মাহবুব তালুকদার।
তিনি বলেন, “বিএনপি তো বলেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়েন করতে। বিএনপির সেই বক্তব্যের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার জবাব দেওয়া আমার কাজ না।”
আরও পড়ুন; নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলুন: বেগম জিয়া
সহায়ক সরকার ইসির এখতিয়ারের বাইরে: সিইসি
৪০ দলের ৫১৫ সুপারিশ পেয়েছেন ইসি
