ইমরান ক্ষমা চাইলে ক্ষমা করব: আয়শা গুলালাই




পাকিস্তানের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম আয়েশা গুলালাই। সম্প্রতি পিটিআই থেকে পদত্যাগী এই নারী রাজনীতিক প্রথম আলোচনায় আসেন দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে নারীদের অসম্মান করার অভিযোগ এনে। এরপর একে একে অশোভন ভাষায় ক্ষুদে বার্তা পাঠানো, দলে নারী সদস্যদের হেয় করা ও সবশেষ সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধানের বিরুদ্ধে এসএমএসের মাধ্যমে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ তোলেন গুলালাই। এবার তিনি জানালেন, ইমরান ক্ষমা চাইলে ক্ষমা করবেন তিনি।
সাবেক পিটিআই সদস্য আয়েশা গুলালাই বলেন, ‘ইমরান খান এখনো যদি তার কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চান তবে আমি তা গ্রহণ করবো। বিষয়টি এখন পার্লামেন্টে চলে গেছে। বড় ধরনের সমস্যা এড়াতে তার এই শেষ সুযোগটি নেয়া উচিত।’
ইমরানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে ২০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করেছে পাকিস্তানের জাতীয় পরিষদ। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন পিটিআই প্রধান। এ সবকিছুকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে, ক্ষমতাসীন দল পিএমএল-এনের ইশারায় গুলালাই এসব করছেন বলেও দাবি ইমরানের।
গত ২৮শে জুলাই দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজের পদত্যাগের পর, রাজনীতিতে বেশ শক্ত অবস্থানে উঠে আসেন ইমরান। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও দলের সাবেক নারী সদস্যকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় বেশ বেকায়দায় পড়েন সাবেক এই ক্রিকেটার।