ইরানে পালিয়েছেন সৌদি রাজপুত্র




সৌদি আরবে প্রাসাদ রাজনীতি ও রাজকুমারদের ধরপাকড়ের মধ্যে গ্রেফতার এড়াতে ইরানে পালিয়েছেন প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের নাতি প্রিন্স তুর্কি বিন মোহাম্মদ বিন ফাহাদ।
রাজপরিবারের সদস্যদের দেশত্যাগ ও তাদের নিয়ে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞার মধ্যে প্রিন্স তুর্কি বিন মোহাম্মদ কীভাবে ইরানে পৌঁছলেন, তা জানা যায়নি। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন পর্যবেক্ষক তার ইরানের পৌঁছার খবর নিশ্চিত করেছেন।
হাফিংটন পোস্টের ব্লগ লেখক আরদেশির জারাজদেহ লিখেছেন, সৌদি রাজকুমার নিরাপদে ইরানে পৌঁছেছেন এবং রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। যদিও সৌদি আরব অথবা ইরান কোনো পক্ষ তার বিষয়ে মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।
সাবেক বাদশাহ ফাহাদের জীবিত ছেলেদের মধ্যে মোহাম্মদ বিন ফাহাদ বয়সে সবার বড়। তুর্কি বিন মোহাম্মদ তারই পুত্র। অসমর্থিত একটি সূত্র গতকাল মোহাম্মদ বিন ফাহাদকে গ্রেফতারের খবর জানিয়েছে। তবে সে খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বাদশাহ ফাহাদের আরেক পুত্র আবদুল আজিজ বিন ফাহাদ সোমবার সন্ধ্যায় পুলিশের গুলিতে প্রাণ হারান। গ্রেফতার এড়াতে গিয়ে বন্দুকযুদ্ধে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

৬ নভেম্বর সোমবার অনির্ভরযোগ্যসূত্রে রাজপুত্র আবদুলআজিজ বিন ফাহাদের নিহত হওয়ার খবর মেলে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন, সিয়াসাত ডেইলি আর ভারতের ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে অনির্ধারিত সূত্রে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। (এফবিআই)-এর সাবেক একজন স্পেশাল এজেন্ট তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করলে গুঞ্জন জোরালো হয়। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। খবরটির ব্যাপারে জানতে চাইলে সৌদি তথ্য মন্ত্রণালয় এটি উড়িয়ে দেয়। ডেইলি মেইলেকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়সূত্র দাবি করে, রাজপুত্রের মৃত্যুর খবরটি নিছকই গুজব।

তুর্কি বিন ফাহাদের ইরানে যাওয়ার ব্যাপারটি দুই দেশের সম্পর্কে বাড়তি উত্তেজনা ছড়াবে। ইরান সরকার তাকে আশ্রয় দিলে সৌদি কর্তৃপক্ষ বিষয়টিকে উসকানি হিসেবে দেখবে।
এমনিতেই লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রভাব বিস্তারের দ্বৈরথে ইরানের বিরুদ্ধে বাগযুদ্ধ শুরু করেছে সৌদি আরব। প্রসঙ্গত, লেবাননে সৌদি সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি ইরানের বিরুদ্ধে লেবাননে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে শনিবার বিকালে আকস্মিকভাবে পদত্যাগ করেন।
আরও পড়ুন; বিপজ্জনক মোড় নিচ্ছে সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা
লেবানন যুদ্ধ ঘোষণা করেছে: সৌদি আরব
ইয়েমেন সীমান্ত বন্ধ করেছে সৌদি আরব