ইরান, ইতালি ও যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই


corona selection

ইরান ও ইতালিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

পরিস্থিতি ভালো নয় যুক্তরাষ্ট্রেরও;এক রাতের মধ্যে নতুন ২১ জন আক্রান্ত হওয়ায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ নিয়ে নিউ ইয়র্কে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে, তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন বলে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি নভেল করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে শনিবার নভেল করোনাভাইরাসে নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে, যাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

এদিন এই ভাইরাস সংক্রমণে দ্বিতীয় একজন এমপিরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

ইরানে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ছয় হাজারে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপৌর শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৬ হাজারের বেশি মানুষের এখন পরীক্ষা চলছে। এদের বাইরে আরও এক হাজার ৬৬৯ জনের অসুস্থতার বিষয়টি ধরা পড়েছে।

এদিকে ইউরোপে নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ২৩০ জন ছাড়িয়েছে।

আর শনিবার নতুন করে ১২০০ জনের এই ভাইরাস ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে।

বিবিসি বলছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে ইতালি সরকার বেশ কয়েকটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া লোমবারডিসহ আরও ১১টি প্রদেশে মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা। এছাড়া এই রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় অবসরে যাওয়া চিকিৎসকদের আবার কাজে ফেরানোর ঘোষণা দিয়েছে তারা।

নতুন করে এই নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে মালদ্বীপ, মাল্টা, সার্বিয়া, স্লোভাকিয়া, পেরু ও টোগোয়। আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্স (৯৪৯), জার্মানি (৭৯৫), স্পেন (৪৪১), যুক্তরাজ্য (২০৬) ও নেদারল্যান্ডসে (১৮৮)।