'ইলেভেন্থ আওয়ার' নিয়ে আসছেন এমিনেম




দীর্ঘ চার বছর পর নবম স্টুডিও অ্যালবাম ‘ইলেভেন্থ আওয়ার’ নিয়ে আসছেন এমিনেম। সম্প্রতি এক রকম ঢাকডোল পিটিয়েই ঘোষণা দিলেন রেকর্ডিং স্টুডিও ডক্টর ড্রির নতুন ডিরেক্টর অ্যালান হিউজ।
এ বিষয়ে হিউজ বলেন, ‘কাজ চলছে পুরোদমে। হিপহপ গুরু ডক্টর ড্রি নিজেও এমিনেমের এই অ্যালবামের একটা মিউজিক ট্র্যাকে কাজ করছেন। ডক্টর ড্রি এখনো প্রতিদিন কাজ করেন স্টুডিওতে, প্রতিদিনই কোনো না কোনো গান রেকর্ড করেন। এই জগতে তিনি তাঁর মতো করে একজন পিকাসো। এই মুহূর্তে তিনি এমিনেমের ইলেভেন্থ আওয়ার অ্যালবামের জন্য একটি ট্র্যাকও রেকর্ড করছেন।’
তাঁর কথা শুনে বোঝাই যাচ্ছে, এমিনেমের নতুন অ্যালবামটি শিগগির বাজারে ছাড়ার একধরনের বেশ তাড়াও আছে। ব্যবসায়িক দিক তো আছেই, সঙ্গে আছে সামনের মৌসুমের গ্র্যামি, বিলবোর্ড ইত্যাদি অনেক চিন্তাভাবনা।
এই মুহূর্তে বিশ্বসংগীত জগতে এমিনেমের নতুন অ্যালবাম আসার খবরটি বেশ গরম খবর। এই গরম খবরের আগুনে আরেকটু ঘি ঢাললেন র‍্যাপার টু চেইঞ্জ। তিনিও এমিনেমের সঙ্গে একটি গানে কাজ করার কথা স্বীকার করেছেন।
সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে, বেশ আটঘাট বেঁধেই এমিনেম নামছেন তাঁর নবম অ্যালবাম বের করার জন্য। কারণ, মাঝে অনেক লম্বা একটা সময় গেছে তাঁর কোনো অ্যালবাম বের হয়নি। গত চার বছর তাঁর কোনো অ্যালবাম আসেনি। সিঙ্গেল সলো, ডুয়েট বের হয়েছে অনেক আর্টিস্টের সঙ্গেই। তাঁর মধ্যে রিহান্না আছেন। তাঁর সঙ্গে বের হয়েছে কয়েকটি গান। তাঁর সর্বশেষ অ্যালবাম দি মার্শাল ম্যাথার্স এলপি টু বের হয় ২০১৩, বিক্রি হয় মিলিয়ন কপির ওপর।
উল্লেখ্য, আধুনিক র‍্যাপ ঘরানার গান যাঁরা শোনেন, তাঁরা এমিনেমকে চেনেন না, এটা হতেই পারে না। তার নাড়ি–নক্ষত্র সবই জানার কথা। তবু বলছি, এমিনেম নামটা তাঁর প্রফেশনাল নাম। আসল নাম মার্শাল ব্রুস ম্যাথার্স থ্রি। তিনি একজন আমেরিকান র‍্যাপার, রেকর্ড প্রোডিউসার এবং একজন অভিনেতাও। হলিউডের ৮ মাইলস নামে একটা মুভিতে অভিনয়ও করেছেন। ২০০০ সাল আমেরিকায় সর্বাধিক বিক্রীত আর্টিস্ট তিনি। তাঁর জন্ম ১৯৭২ সালে। তাঁকে ডাকা হয় কিং অব হিপহপ হিসেবে। রোলিং স্টোন ইতিমধ্যে তাঁকে সব সময়ের ১০০ জন সেরা শিল্পীর ৮৩তম শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
১৯৯৬ সালে প্রথম অ্যালবাম ইনফাইনাইট এবং ১৯৯৭ সালে স্লিম শ্যাডি ইপি বের হওয়ার পর এমিনেম ডক্টর ড্রির আফটার ম্যাথ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত হন। মূলত মেইন স্ট্রিম আর্টিস্ট হিসেবে এমিনেমের উত্থান ১৯৯৯ সালে স্লিম শ্যাডি এলপি অ্যালবামের মাধ্যমে। ওই বছরই তিনি প্রথম গ্র্যামি জিতেন বেস্ট র‍্যাপ অ্যালবামের জন্য। এরপর ২০০২ সালে তাঁর ‘দ্য এমিনেম শো’ তাঁকে এনে দেয় দুনিয়াজুড়ে জনপ্রিয়তা। এরপর একের পর এক বের হতে থাকে তাঁর জনপ্রিয় র‍্যাপ গানগুলো, এ পর্যন্ত বের হয় মোট ৮টি অ্যালবাম। কাজ করছেন বিশ্বের অনেক নামীদামি শিল্পীর সঙ্গে।