রাজধানীর নিউ ইস্কাটনে কাভার্ডভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক নারীসহ পাঁচ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন- মাকসুদা (৪৫);আহতরা হলেন মোছা. টিয়া খাতুন (৪০), আরিফ (১৮), বেলাল (২০), হামিদ (১৪) ও রসুল (১৫)।
পুলিশ জানায়, ইস্কাটন রোডে বিএম ফাউন্ডেশনের সামনে একটি কাভার্ডভ্যানের চালক আরেকজনকে প্রশিক্ষণ দেওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর উঠে যায়।
এতে রাস্তার পাশে দোকানে বসে থাকা যুবক ও পথচারী দুই নারীসহ ৬ জন আহত হন। পরে ছয় জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে মাকসুদা খাতুন নামে একজনকে রাত ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় প্রশিক্ষণ চালকসহ দুই জনকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।

