ইস্পাতের বৈশ্বিক উৎপাদনে প্রবৃদ্ধি




ইস্পাত উৎপাদন খাতের জন্য ২০১৭ সালটি ছিল প্রবৃদ্ধি অর্জনের বছর। বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ কোটি ৯০ লাখ টন বেড়েছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ডব্লিউএসএ)।
বছর শেষের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হলে ২০১৭ সালে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত বিশ্ববাপী অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হওয়া ও বিভিন্ন দেশে বড় আকারের অবকাঠামো নির্মাণ প্রকল্প চলমান থাকায় গত বছর ইস্পাতের চাহিদা বেড়েছে। এর জের ধরে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদনেও তেজিভাব বজায় ছিল বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর ডব্লিউএসএ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের প্রথম ১১ মাসে বিশ্বব্যাপী মোট ১৫৩ কোটি ৬০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ কোটি ৯০ লাখ টন বেশি। ২০১৬ সালের জানুয়ারি-নভেম্বর সময়কালে বিশ্বব্যাপী সব মিলে ১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে চীনে। এ সময় দেশটিতে মোট ৭৬ কোটি ৪৮ লাখ ২ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।
একইভাবে ভারত, তুরস্ক ও ব্রাজিলে পণ্যটির উৎপাদনে প্রবৃদ্ধি বজায় ছিল। সবচেয়ে বেশি ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ সময় সব মিলে ৩ কোটি ৪১ লাখ ৬৩ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ বেশি।
ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর তালিকায় অষ্টম অবস্থানে থাকা ব্রাজিলে এ সময় পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। দেশটিতে এ সময় সব মিলে ৩ কোটি ১৫ লাখ ৪২ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছে। অন্যদিকে শীর্ষ তালিকায় নবম অবস্থানে থাকা তুরস্কে এ সময় অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় সবচেয়ে বেশি ১২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
এ সময় দেশটিতে পণ্যটির উৎপাদনের পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৬৩ হাজার টন। একই সময় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ও যুক্তরাষ্ট্রে পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেড়েছে। এ সময় ইইউভুক্ত দেশগুলোয় অপরিশোধিত ইস্পাতের সম্মিলিত উৎপাদন দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ হাজার ১৬ টনে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে পণ্যটির উৎপাদনের পরিমাণ ছিল ৭ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টন।
এদিকে গত বছরের প্রথম ১১ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সম্মিলিতভাবে ২ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। অন্যদিকে আফ্রিকার দেশগুলোয় পণ্যটির সম্মিলিত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৪৯ হাজার টনে। তবে বিশ্বে ইস্পাত উৎপাদনকারী দ্বিতীয় শীর্ষদেশ জাপানে পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক ১ শতাংশ বেড়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৭ সালের নভেম্বরে বিশ্বব্যাপী ১৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। এর মধ্যে চীনে পণ্যটির উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে।