জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই থেকে সেপ্টেম্বর— এ তিন মাসে সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৬ শিশু।
প্রতিবেদনে ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে ‘সবচেয়ে জঘন্য মানবসৃষ্ট সংকট’ হিসেবে অভিহিত করা হয়েছে। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে সংকট আরো ভয়াবহ রূপ ধারণ করবে।
সৌদি আরবসহ বেশকিছু আরব দেশ ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানিয়ে আসছে সৌদি জোট। ২০১৪ সাল থেকে রাজধানী সানাসহ দেশটির বড় অংশ শিয়া অনুসারী হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানের সমর্থনপুষ্ট হুথিদের দমনে সৌদি জোট ২০১৫ সালের পর থেকে সামরিক অভিযান শুরু করে। প্রথমদিকে বোমা হামলা দিয়ে শুরু হলেও এখন নৌ অবরোধ ও ইয়েমেনে স্থলসেনা মোতায়েন করা হয়েছে। প্রতিদিন কমপক্ষে ২০টি অভিযান চালিয়েছে সৌদি জোট। স্কুল, বাড়িঘরও বাদ যায়নি জোটের হামলা থেকে।
সৌদি জোট থেকে বলা হচ্ছে, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালাচ্ছে।
এদিকে সৌদি জোটের পাশাপাশি হুথি বিদ্রোহীদের দিকেও অভিযোগের তীর ছুড়েছে জাতিসংঘ। সংস্থাটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত গ্রীষ্মে হুথিদের হামলায় ১৮ শিশু নিহত হয়েছে। এছাড়া হুথিদের হামলায় ২৯ জন শিশু আহত হয়েছে। এছাড়া অনেক শিশুকে যুদ্ধে ব্যবহার করছে হুথি ও ইয়েমেনি সেনারা।
সানা থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র সাবিয়া মানতু বলেন, ইয়েমেনে কয়েক হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। শুধু যে শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টি এমন নয়। বরং এসব হামলায় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইয়েমেনের প্রায় ৭৫ শতাংশ জনগোষ্ঠীই এসব হামলার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আশঙ্কা করেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে আরো হতাহতের ঘটনা ঘটবে। এ মুহূর্তে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধীরা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে।
জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ জানায়, ২০১৫ সাল থেকে সংকট তীব্র থেকে তীব্রতর হলে অন্তত পাঁচ হাজার শিশু হতাহত হয়েছে। তার মানে প্রতিদিন গড়ে পাঁচজন শিশু আক্রান্ত হচ্ছে।
ইউনিসেফ আরো জানায়, ‘১ কোটি ১০ লাখেরও বেশি শিশুর জরুরিভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন এবং ২০ লাখের মতো শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
