ঈদের দুই নাটকে তৌসিফ-সাফা




স্বাধীন ফুয়াদের পরিচালনায় সম্প্রতি ঢাকার উত্তরার স্বপ্নীল হাউজে নির্মাণ হলো ঈদ-উল-ফিতরের দুইটি বিশেষ নাটক “রাত পাখির ডাক” এবং “প্রাকটিক্যাল জোকস্”। নাটক দু’টিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, এসএন জনি, কিনা রহমান, রেশমী প্রমুখ। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। প্রযোজনায় আরএস প্রোডাকশন।
নাটক দুটি সম্পর্কে পরিচালক স্বাধীন ফুয়াদ বলেন, ‘আমাদের জীবনের খুব চেনাজানা গল্প নিয়ে নাটক দু’টি নির্মাণ করা হয়েছে। দর্শকরা এই নাটকগুলোতে নিজেকে, নিজের পরিবারকে এবং সেই সাথে কাছের মানুষগুলোকেও খুঁজে পাবেন। রাত পাখির ডাক নাটকটি নির্মাণ হয়েছে একটি পরিাবারের মায়া এবং ভালবাসার গল্প নিয়ে। হঠাৎ কেউ একজন পরিবারের মধ্যে প্রবেশ করলে কেউ কেউ তাকে মেনে নিতে পারেনা আবার কেউ কেউ ভালবাসে। কোন একটা সময়ে ভালবাসাগুলো মায়া হয়ে আবেগী হয়ে ওঠে। অপরদিকে, প্রাকটিক্যাল জোকস্ নাটকটি নিজের অহমিকা মুছে ভালবাসা সৃষ্টির একটি গল্প।
তিনি আরো জানান, ‘অহমিকা যখন আমাদের পেয়ে বসে তখন নিজের মানুষগুলোর কষ্টগুলো ভাললাগাগুলো তাচ্ছিল্য হয়ে পড়ে। ভুল এবং ভ্রান্ত ধারনা নিয়ে পড়ে থাকা এবং নিজের কাছে নিজেকে বড় ভেবে নিজের মানুষকেই কষ্ট দেই আমরা অনেকেই। আর যখন কাছের মানুষটার ভাললাগাকে বুঝতে পারি তখন সেই মিথ্যে অহমিকাগুলো বিলিন হয়ে যায়। বেড়ে যায় যত, বাড়ে ভালবাসা। আশা করছি ঈদে এই নাটক দুটি দর্শকপ্রিয়তা পাবে।’