ঈদুল ফিতরের আগে-পরে বাংলাদেশের সড়ক-মহাসড়কে আগের যে কোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিল বলে সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের দাবির মধ্যে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গত ঈদের চেয়ে এবার ঈদ যাত্রায় অধিক প্রাণহানি হায়েছে মন্তব্য করে এক পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
তাদের হিসাবে, এবার ঈদের আগে-পরে সড়কে ২০৫টি দুর্ঘটনায় ২৭৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮৪৮ জন। ২০১৬ সালে একই সময়ে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১৮৬ জন নিহত হয়েছিলেন, আহত হয়েছিল ৭৪৬ জন। সেই হিসাবে এবার ঈদে দুর্ঘটনায় নিহতের সংখ্যা গতবারের চেয়ে ৮৮ জন বেশি। আহতের সংখ্যা বেশি ১০২ জন।
গত ১৯ জুন ঈদযাত্রা শুরুর দিন থেকে কর্মস্থলে ফেরার দিন ১ জুলাই পর্যন্ত দুর্ঘটনাগুলো এই পরিসংখ্যানের আওতায় এনে যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী এবার ঈদের সময় সড়ক, রেল ও নৌপথে মোট ২৪০টি দুর্ঘটনায় ৩১১ জন মারা গেছেন।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, সংগঠনের সড়ক মনিটরিং সেলের এই প্রতিবেদন তৈরি করে।
তিনি বলেন, “গত ৪ বছর ধরে আমরা সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করছি। সাম্প্রতিক বছরগুলোয় ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এবারের ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক ছিল। তবে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বেড়েছে।”
