চীনের উইঘুর মুসলমানদের আটক ও নির্যাতনের দায়ে চীন কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে একটি আইন পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর মধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। -খবর সিএনবিসি নিউজের।
জানা গেছে, এ আইনটির পক্ষে ভোট পড়েছে ৪১৩টি এবং বিপক্ষে একটি। চলতি মাসের শুরুতে সর্বাত্মকভাবে আইনটি সিনেটে পাস হওয়ার পর তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে।
তবে তিনি এই আইনে সই করবেন কিনা; সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
তবে চীন হুশিয়ারি করে দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে, তার জবাব দেয়া হবে। বেইজিংয়ের বিরুদ্ধে আনা উইঘুর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলছে, সেখানে বৃত্তিমূলক প্রশিক্ষণ শিবির স্থাপন করা হয়েছে।
বুধবার পাস হওয়া ওই আইনে উইঘুর নির্যাতনে দায়ীদের একটি তালিকা তৈরি করতে মার্কিন প্রেসিডেন্টকে ১৮০ দিন সময় দেয়া হয়েছে। এরপর ওই কর্মকর্তারা নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। তবে জাতীয় স্বার্থের প্রয়োজনে ওই কর্মকর্তাদের যে কাউকে ছাড় দিতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

