উচ্চ তাপমাত্রায়ও পুনরুৎপাদন করতে সক্ষম করোনাভাইরাস – গবেষণা



উচ্চ তাপমাত্রায়ও দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস এমন এক তথ্য জানিয়েছেন ফ্রান্সের একদল বিজ্ঞানী।

তারা বলছেন, ৬০ ডিগ্রি সেলসিয়াস (১৪০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় প্রায় এক ঘণ্টা এই ভাইরাসকে রেখেছিলেন তারা। দেখা গেছে, এত উচ্চ তাপমাত্রায়ও পুনরুৎপাদন করতে সক্ষম ভাইরাসটি।

গবেষকরা বলেছেন, এই তাপমাত্রায় ভাইরাসটি কম সংক্রামক হলেও বেঁচে থাকা অবশিষ্ট অংশ আবারও সংক্রমণ ঘটানোর জন্য কার্যকর থাকে।

শনিবার বায়োআরএক্সআইভিডটওআরজির (biorxiv.org) ওয়েবসাইটে নন-পিয়ার-রিভিউড গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

ফরাসী বিজ্ঞানীদের নতুন এই গবেষণা করোনাভাইরাস নিয়ে ল্যাবে কর্মরত টেকনিশিয়ানদের নিরাপত্তার বিষয়টিকে জটিলতায় ফেলছে।

ভাইরাল কার্যক্রম পরীক্ষার জন্য আদর্শ মানসম্মত আফ্রিকান সবুজ বানরের কিডনি সেলে ভাইরাসটি সংক্রমিত করেছিলেন বিজ্ঞানীরা। জার্মানির বার্লিনের একজন রোগীর শরীর থেকে ভাইরাসটির নমুনা নেয়া হয়েছিল।

ভিন্ন দুটি নোংরা এবং পরিষ্কার পরিবেশে পৃথক টিউবে প্রাণীর প্রোটিনসহ ভাইরাসটি রাখা হয়েছিল। পরিষ্কার পরিবেশে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসটিকে তাপ দেয়ার পর দেখা যায় ভাইরাস কম কার্যকর হয়েছে।

কিন্তু নোংরা পরিবেশে রাখা ভাইরাসটি একই তাপমাত্রায় তখনও বেঁচে ছিল এবং পুনরুৎপাদন অব্যাহত রেখেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে এ মারণ ভাইরাস। বিশ্বের ২২০টিরও বেশি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।