উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত ‘এ-যাবত্কালের সর্বোচ্চ’ নিষেধাজ্ঞা এটি।
এতেও কাজ না হলে এ নিষেধাজ্ঞার ‘ফেস টু’ কার্যকরের হুমকিও দিয়েছেন তিনি, যা হবে বিশ্বের জন্য ‘খুব খুব দুর্ভাগ্যজনক’।
অস্ত্র কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে সরিয়ে আনতে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের প্রচারণায় আরো গতি আনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার ওপর যে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেছি, এর আগে তা কোনো দেশের ওপর করা হয়নি।’ ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তায় বৃহত্তর চ্যালেঞ্জ উল্লেখ করে মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ব্যক্তি, ২৭টি কোম্পানি ও ২৮টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সেক্রেটারি স্টিভ নুচিন নিশ্চিত করেছেন যে, নিষেধাজ্ঞাটি মূলত এ সময়ে ‘ব্যবহূত’ উত্তর কোরিয়ার ‘সব জাহাজের’ ওপর কার্যকর হবে।
এছাড়া জাতিসংঘের পৃথক নিষেধাজ্ঞার আওতায় কালো তালিকাভুক্তির জন্য একটি তালিকারও প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। সমুদ্রপথে উত্তর কোরিয়ার বেআইনি তেল ও কয়লার চোরাকারবারি বন্ধ করতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
