এন্সলে এনদিলোভুর শর্ট বল কাট শটে সীমানা ছাড়া, তাতেই আরও একটি মাইলফলক মুশফিকুর রহিমের। একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন মিস্টার ডিপেন্ডেবল। এ দিন বাড়তি উদযাপন করতে দেখা যায় দেশ সেরা এই ব্যাটসম্যানকে।
বল সীমানা দড়ি স্পর্শ করার আগেই দুই হাত তুলে উদযাপন শুরু করেন মুশফিক। শূন্যে লাফিয়ে ব্যাট ছোড়েন তিনি। পরে বাঁ হাতে ঘুষি ছোড়েন নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
বল সীমানা অতিক্রম করলে হেলমেট খুলে দুই হাত ওপরে তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান মুশি। তবে তখনও উদযাপন থামেনি। ডান হাতে আবার ঘুষি ছোড়েন তিনি। এর পর গ্লাভস খুলে গর্জনের ভঙ্গি করেন, যেন বাঘের থাবা! সবশেষে সিজদাহ করেন।
তবে বাঘ নয়, মুশফিক হয়েছিলেন ডায়নোসর। এবং তা নিজের ছেলের জন্য।
উদযাপন নিয়ে মুশফিক বলেন, ডাবল সেঞ্চুরির পর একটু বাড়তি উদযাপন করেছি। সেটি আসলে আমার ছেলের জন্য। সে ডাইনোসরের বড় ভক্ত। ও প্রাণিটি দেখলে এভাবে উদযাপন করে। তার জন্যই মূলত আমি সে রকম করতে চেয়েছি।

