উন্মুক্ত স্থানে বিএনপির সমাবেশে অনুমতি দেয়নি ডিএমপি




ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপিকে উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি ।
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার বেলা তিনটায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে ডিএমপি কার্যালয়ে কথা বলেন বিএনপির নেতারা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ডিএমপির পক্ষ থেকে তাদের এ কথা জানা হয়েছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) বলেন, ডিএমপি উন্মুক্ত স্থানে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি। খোলা মাঠের পরিবর্তে আবদ্ধ কোথাও (ইনডোরে) অনুষ্ঠান আয়োজনের কথা বলেছে। তিনি বলেন, দলের চাওয়া ছিল সোহরাওয়ার্দী উদ্যান। কিন্তু সেটি একটি অপরিচিত সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে নয়াপল্টনে সমাবেশের কথা বলা হলেও পুলিশ তাতে রাজি হয়নি।
এখন তাঁরা কী করবেন, জানতে চাইলে এ্যানি বলেন, কাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে।
উল্লেখ্য ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। এ ছাড়া এবারের ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপি সারা দেশে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে।