উৎপাদন বাড়লেও স্থিতিশীল জ্বালানি তেলের বাজার



উৎপাদন বাড়লেও স্থিতিশীল আছে জ্বালানি তেলের বাজার। গতকাল পণ্যটির দাম তেমন একটা পরিবর্তন হয়নি।
নিউইয়র্ক মাকেন্টাইল এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ২ সেন্ট। এদিন পণ্যটি ব্যারেলপ্রতি ৬১ দশমিক ১৭ ডলারে লেনদেন হয়। মে মাসে সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম কমেছে ৮ সেন্ট। এদিন পণ্যটি ৬৪ দশমিক ২৬ ডলারে লেনদেন হয়। এর আগের দিন পণ্যটির দাম ২ দশমিক ২ শতাংশ কমেছিল।
এপ্রিলে সরবরাহ চুক্তিতে গ্যাসোলিনের দামে কোনো পরিবর্তন হয়নি। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এপ্রিলে সরবরাহ চুক্তিতে হিটিং অয়েলের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৮৭৭ ডলারে লেনদেন হয়। এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমেছে। এদিন প্রতি ১০ লাখ ব্রিটিশ থার্মাল ইউনিট ২ দশমিক ৭৭৬ ডলারে লেনদেন হয়।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ২ মার্চ শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন ৮৬ হাজার ব্যারেল বেড়ে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ব্যারেল পৌঁছেছে। এ সময়ে স্থানীয় বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে ২৪ লাখ ব্যারেল।