ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন



দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূ্ল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ১২৮ দশমিক ৩৩ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৯৩ দশমিক ৯৫ পয়েন্টে। ৩০ দশমিক ৩৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২ হাজার ২৫৫ দশমিক ৮৩ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০।
এদিকে ২২ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪১২ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ২ লাখ ৩৯ হাজার ৭৭৯টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪৫৫ কোটি ৪৫ লাখ ১৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩০০ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৯৩টির, কমেছে ২৭টির ও অপরিবর্তিত ছিল ১৪টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৩৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৬৪ দশমিক ৬২ পয়েন্টে উন্নীত হয়। ২২৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৫৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার ৬৫৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৭ কোটি ৫২ লাখ ১২ হাজার ৮৮৯ টাকা।