ঊর্ধ্বমুখী আকরিক লোহার বাজার



ইস্পাত উৎপাদন খাতে প্রবৃদ্ধির জের ধরে পণ্যটির কাঁচামাল আকরিক লোহার চাহিদা আগের তুলনায় বেড়েছে। বাড়তি চাহিদার পাশাপাশি বেড়েছে পণ্যটির দাম। বর্তমানে সাংহাই মেটাল এক্সচেঞ্জে (এসএইচএমই) পণ্যটির দাম গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে।
এসএইচএমইর স্টিল ইনডেক্স অনুযায়ী, গতকাল প্রতি টন আকরিক লোহা বেচাকেনা হয় ৭৯ ডলার ৯৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ শতাংশ বেশি। ২০১৭ সালের এপ্রিলের পর চীনের বাজারে পণ্যটির দাম সর্বোচ্চের কাছাকাছি বলে ইনডেক্সে উল্লেখ করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারির শেষ ভাগে এখানকার বাজারে প্রতি টন আকরিক লোহার দাম ৯২ ডলার ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে পণ্যটির দাম কমতে শুরু করে। এপ্রিলের শুরুতে পণ্যটি টনপ্রতি ৮২ ডলারের উপরে বেচাকেনা হয়েছিল।
এর পর আকরিক লোহার বাজারে বড় দরপতন দেখা যায়। এপ্রিলের শেষ ভাগে পণ্যটির দাম টনপ্রতি ৬২ ডলারের নিচে নেমে যায়। পরবর্তীতে জুনের শেষ দিকে প্রতি টন আকরিক লোহার দাম ৫৫ ডলারের নিচে নেমে যায়। এর পর থেকে ইস্পাত কারখানাগুলোয় বাড়তি চাহিদার কারণে আকরিক লোহার দাম বাড়তে শুরু করে।
সেপ্টেম্বরের শুরুতে পণ্যটির দাম টনপ্রতি ৭৭ ডলারের আশপাশে অবস্থান করছিল। চলতি বছরও পণ্যটির বাজারে তেজিভাব দেখা গেছে। জানুয়ারির শেষ নাগাদ এসএইচএমইতে প্রতি টন আকরিক লোহার দাম ৭৮ ডলারে উঠে যায়। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় সর্বশেষ বেচাকেনায় প্রতি টন আকরিক লোহার দাম গত এপ্রিলের পর সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে।