ঊর্ধ্বমুখী আমদানি করা গমের বাজার




এক মাসের ব্যবধানে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পাইকারি বাজারে আমদানি করা গমের দাম টনপ্রতি সর্বোচ্চ ২০ টাকা বেড়েছে। তবে শুধুমাত্র কানাডা থেকে আমদানি করা গমের দামে নিম্নমুখিতা দেখা গেছে।
খাদ্যপণ্যটির বাড়তি মূল্যের জের ধরে খাতসংশ্লিষ্টরা স্থানীয় বাজারে আটা ও ময়দার দাম বৃদ্ধির সম্ভাবনা দেখলেও বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। প্রতি বস্তা আটা ও ময়দার দাম যথাক্রমে সর্বোচ্চ ৭০ ও ১০০ টাকা কমেছে। এজন্য পণ্য দুটির বেচাকেনা কম হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
দেশে রাশিয়া, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, ব্রাজিল, ইউক্রেনসহ কয়েকটি দেশ থেকে গম আমদানি হয়। গতকাল নিতাইগঞ্জ বাজার ঘুরে রাশিয়া থেকে আমদানি করা গম টনপ্রতি ৭৮০-৭৯০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটি টনপ্রতি ৮০০ টাকায় বিক্রি হয়েছিল। এক মাসের ব্যবধানে দাম বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা।
আর্জেন্টিনা থেকে আমদানি করা উন্নতমানের গম টনপ্রতি ৮০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগে পণ্যটি বিক্রি হয়েছিল ৮২০ টাকায়। পণ্যটির দাম বেড়েছে টনে ১০ টাকা। অন্যদিকে একই দেশ থেকে আমদানি করা কিছুটা নিম্নমানের গম বিক্রি হচ্ছে টনপ্রতি ৭৯০ টাকায়। এক মাস আগেও পণ্যটির দাম ছিল ৭৮০-৭৯০ টাকা। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে টনপ্রতি ১০ টাকা।
অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গম টনপ্রতি ১০ টাকা বেড়ে ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে পণ্যটির দাম ছিল ৯২০ টাকা। ব্রাজিল থেকে আমদানি করা গম টনপ্রতি ৭৭৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে টনে ৫ টাকা। অন্যদিকে ইউক্রেন থেকে আমদানি করা গমের দাম টনপ্রতি ১০ টাকা বেড়ে ৭৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যতিক্রম দেখা গেছে কানাডা থেকে আমদানি করা গমের ক্ষেত্রে। গতকাল নিতাইগঞ্জে পণ্যটি টনপ্রতি ১ হাজার ৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। মাস শেষে পণ্যটির দাম কমেছে টনে ৪০ টাকা। কানাডা থেকে আমদানি করা কিছুটা নিম্নমানের গম টনপ্রতি ১ হাজার ২০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম প্রতি টনে ২০ টাকা কমেছে।
গমের দাম বাড়লে এর প্রভাব পড়ে আটা ও ময়দার বাজারে। তবে নিতাইগঞ্জের পাইকারি বাজার ঘুরে ভিন্ন চিত্র দেখা গেছে। গতকাল প্রতি বস্তা (৫০ কেজি) ভালো মানের আটা ১ হাজার ১৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটি বস্তাপ্রতি ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে বস্তাপ্রতি দাম কমেছে ৭০ টাকা। অন্যদিকে কিছুটা নিম্নমানের আটা বস্তাপ্রতি ১ হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও পণ্যটি বিক্রি হয়েছিল ১ হাজার ২০০ টাকায়।
মাস শেষে পণ্যটির দাম কমেছে বস্তাপ্রতি ৫০ টাকা। একই চিত্র দেখা গেছে ময়দার বাজারেও। গতকাল পাইকারি বাজারে প্রতি বস্তা (৭৪ কেজি) ভালো মানের ময়দা বিক্রি হয় ২ হাজার ৩৫০ টাকায়। এক মাস আগে পণ্যটির দাম ছিল ২ হাজার ৪০০ টাকায়। সে হিসাবে এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বস্তাপ্রতি কমেছে ৫০ টাকা। অন্যদিকে প্রতি বস্তা নিম্নমানের ময়দা ২ হাজার ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম বস্তাপ্রতি ১০০ টাকা কমেছে।
আরও পড়ুন; হিলিতে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী    
পাইকারিতে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম           
দাম নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ আমদানি বাড়াচ্ছে ভারত     
ভোমরা স্থলবন্দরেও কমেছে পেঁয়াজ আমদানি     
হিলিতে পেঁয়াজ আমদানি অর্ধেকে নেমেছে
কেজিতে ৭ টাকা বেড়েছে চায়ের দাম  
বাড়তি সরবরাহে নিম্নমুখী চায়ের দাম    
পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়ছে চায়ের দাম