ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার




আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মূলত পারমাণবিক চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান কূটনেতিক উত্তেজনা ও দেশটির বিরুদ্ধে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কার জেরে এদিন জ্বালানি পণ্যটির দাম বেড়েছে। একই সঙ্গে স্বাধীনতার প্রশ্নে ইরাকের কুর্দিদের গণভোটকে কেন্দ্র করে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা পণ্যটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে।
গতকাল যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫২ ডলার ১৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৭০ সেন্ট বেশি। অন্যদিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৭ ডলার ৮১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৬৪ সেন্ট বেশি। এদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৪০ শতাংশ বেশি ছিল। এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে পণ্যটি ব্যারেলপ্রতি ৫৭ ডলার ৯৮ সেন্টে বিক্রি হয়, যা আগের দিনের তুলনায় ৮১ সেন্ট বেশি। অন্যদিকে দুবাইয়ে ক্রুড অয়েলের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। এদিন ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৬ ডলারে, যা আগের দিনের তুলনায় ৭১ সেন্ট বেশি।
২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তি। এ চুক্তির আওতায় বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ‘বাজে চুক্তি’ ও ‘মার্কিন স্বার্থ পরিপন্থী’ হিসেবে অভিহিত করেছেন। গত শুক্রবার তিনি চুক্তির শর্ত বাস্তবায়নে ইরান সরকারের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। শর্ত অনুযায়ী, প্রতি ৯০ দিন পর এ-বিষয়ক স্বীকৃতি প্রদানের কথা ছিল। এ ইস্যুতে দুই দেশের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। এখন পুরো বিষয়টি মার্কিন কংগ্রেসের ওপর নির্ভর করছে। মার্কিন কংগ্রেসম্যানরা চাইলে চুক্তিটি বাতিল করতে পারেন কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ৬০ দিনের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর তালিকায় পঞ্চম শীর্ষ অবস্থানে থাকা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
তবে জ্বালানি তেলের বাজারে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়বে না বলে দাবি করেছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির সব শর্ত ইরান আন্তরিকতার সঙ্গে মেনে চলেছে। এমন অবস্থায় চুক্তি নিয়ে টালবাহানা করে সংকট তৈরি করাটা অযৌক্তিক। তবে এর ফলে ইরান থেকে জ্বালানি তেল রফতানি কমবে না। বাজারে এ সংকটের কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে কুয়েতের জ্বালানিমন্ত্রী এসাম আল-মারজুকও অনেকটা একই সুরে কথা বলেন। রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংকটের প্রভাব জ্বালানি তেলের বাজারে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে পণ্যটির ভবিষ্যত্ বাজার পরিস্থিতির জন্য চলমান সংকটের আশু সমাধান জরুরি।