এই ছবির দাম ২৯ হাজার ডলার




এই ছবিকে চিত্রকর্ম বলা যাবে না কোন মতে। একেবারে আনাড়ী হাতে আকা ছবি। দেখে মনেই হতে পারে কোন বাচ্চা যেন শুধু কাগজ কলম পেয়ে আঁকিবুঁকি করেছে। মোটেই আহামরি ছবি নয়। আর নিলামে এই ছবিরই দাম উঠেছে ২৯ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় ২৩ লক্ষ টাকা। আর হবেই বা না কেন? এই ছবিটি যে এঁকেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আঁকা ওই ছবিটি নিলামে ২৯ হাজার ১৮৪ ডলারে বিক্রির খবর পাওয়া গেছে। মূলত ছবিটি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানের, যেখানে দৃষ্টি সীমায় উঁচু উঁচু ভবনগুলোই মুথ্য; আর তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে ট্রাম্প টাওয়ার।
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের এই ছবিটি ইদানীংকালের নয়, ২০০৫ সালে তিনি এটি এঁকেছিলেন দাতব্য কাজের নিলামের জন্য। কিন্তু তখন তা নিলামে ওঠেনি।
এই ছবির দাম ২৯ হাজার ডলার
সম্প্রতি লস এঞ্জেলেসভিত্তিক নিলামঘর ন্যাট ডি স্যান্ডার্স ছবিটি নিলামে তোলে এবং তাতে আশাতীত সাড়া পাওয়া যায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার মাইকেল ক্রিক। নিলামে ছবিটির ডাক শুরু হয়েছিল ৯ হাজার ডলার থেকে, তা থেকে দর চড়তে চড়তে একাদশতম ডাকে দাম ২৯ হাজার ডলার ছাড়ায়।
এ বিষয়ে ক্রিক বলেছেন, ‘সচরাচর আমরা যেমন আগ্রহ দেখে থাকি, তার চেয়ে পাঁচ গুণ বেশি আগ্রহ দেখা গেছে এই ছবিটি নিয়ে।  ট্রাম্পের ভক্তরাই নয়, ইতিহাসের স্মারক সংগ্রহ যাদের নেশা, তারাও যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত প্রেসিডেন্টের ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন।’
তবে শুধু ছবিই নয়, ট্রাম্পের একটি ফেরারি গাড়ি, গলফ সেট এবং তার নামাঙ্কিত এক বোতল হুইস্কিও নিলামে বিক্রি হয়েছে।