একটি ফুলের মৃত্যু (পর্ব ৫)




লেখক: কাজী মনির
ভাবছিলাম বুঝি রাত, সে জন্য কিছুই দেখতে পারছি না। কিছুক্ষণ পরে বুঝলাম রাত নয়, আমার চোখ অন্ধ হয়ে গেছে এবং আমি একটা কচুরীপানা ভর্তি নর্দমায় পড়ে আছি। বুঝলাম আমাদের ট্রেন এক্সিডেন্ট করেছে!
বাবার কথা মনে হতেই বাবা বাবা বলে চিৎকার করে ডাকলাম, কিন্তু কোন সাড়া পেলাম না! রৌদ্রের তাপে আমার শরীরটা বেশ গরম লাগছিল। আমার বান্ধবীরা আমার রূপ সৌন্দর্য নিয়ে ঠাট্টা করে বলতো “তুই তোদের রাজবংশের রানীর চেহারা পেয়েছিস। তোর যে রূপ তাতে পরীও হার মানবে’’।
কথাটা তখন আমার মনে পড়তেই ভয়ে আমার গা শিউরে উঠলো। ছেঁড়া জামা কাপড় দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলাম এবং আমার সাইড ব্যাগটা খোঁজার জন্য হাতড়াতে থাকলাম।
আল্লাহ এতবড় বিপদ দিলেও আমার সাইড ব্যাগটা কেড়ে নেননি। আমার পাশেই ওটাকে পেয়ে তাড়াতাড়ি খুলে ভিতরে থাকা রং আর পেন্সিল দিয়ে প্রথমে মুখটাকে পাল্টে নিলাম, তারপর সমস্ত রং দিয়ে সারা শরীর, কাপড়-চোপড় রাঙিয়ে ফেললাম। তারপর আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে রেল লাইনের কাছে আসতে মানুষের হৈচৈ শুনলাম!
পাশ থেকে একটা বাচ্চা হঠাৎ ভয়ে চিৎকার করে উঠলো এবং তার বাবার সান্ত্বনা শুনে বুঝলাম বাচ্চাটা আমার বিকৃত চেহারা দেখে
ভয় পেয়ে গেছে। দুঃখের সময় সেদিন একটু হাসি পেয়েছিল এই জন্য যে, আমার ছদ্মবেশটা তাহলে কঠিন হয়েছে! এই রং, সাবান আর পানি ছাড়া দু’ এক বছরেও উঠবে না, তা নিশ্চিত হয়ে গেলাম।
হাতড়াতে হাতড়াতে দুই দিন পরে এসে উঠলাম কমলাপুর স্টেশনে। এর মধ্যে আমি বুঝেছি আমাকে দেখে আগুনে পোড়া কদাকার মানুষ হিসাবে পথচারী দূর থেকে টাকা-পয়সা ছুঁড়ে দিলেও কাছে আসতে চায় না বিভৎস চেহারার কারণে। সব মিলিয়ে আমি সুবিধা পেলাম ভিক্ষা পাওয়ার। লম্পটদের দ্বারা আমার সর্বনাশেরও কোন আশংকা রইলো না।
আমি ভিক্ষা করি আর মানুষের গলার আওয়াজ পেলেই সেখানে খুঁজি ফিরি আমার বাবার গলার আওয়াজ! আজও সেই প্রিয় কণ্ঠস্বর শোনার জন্য আমি অপেক্ষায় আছি! কখন যেন শুনবো বাবার কণ্ঠ, আর বাবার বুকে ঝাপিয়ে পড়ে বলবো : “বাবা আমি তোমার
শিরি, আমি তোমার শিরি”।
কণ্ঠ থেমে গেল শিরীনের ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর স্বাভাবিক হয়ে বললো: মাঝে
মাঝে মনে হয় ট্রেন এক্সিডেন্টে বাবা বোধ হয় আর বেঁচে নেই। শিরি শিরি বলে ডেকে আমাকে কেউ আর উদ্ধার করতে আসবে না।
রানা কাঁদছিল সে চোখ মুছে বললো: আপনি আপনার ঠিকানা জানিয়ে আপনার বাড়িতে ফিরে যাননি কেন?
শিরীন হতাশার স্বরে বললো: এমনটি অনেকবার ভেবেছিলাম যে, বাড়ীতেই ফিরে যাই! কিন্ত অনেক চিন্তা করে দেখেছি! বাবা না থাকলে ঐ বাড়ী আমার জন্য দোযখ। তার চেয়ে বরং মৃত্যু পর্যন্ত বাবার পথ পানে চেয়ে মিথ্যে আশা নিয়ে, বাবার কণ্ঠ শোনার জন্য ঘুরে ঘুরে স্টেশনই জীবনটা কেটে যাক সেটাই বরং ভাল।
প্রথম প্রথম ভিক্ষা করতে খুব খারাপ লাগতো। কেউ টাকা পয়সা ছুঁড়ে দিলেও তা তুলতে ভীষণভাবে বিবেকে বাধতো, টাকাটা তুলতে হাত সরতো না। এখন অভ্যেস হয়ে গেছে, চাইতেও লজ্জা করে না।
রানা অবাক হয়ে বললো: আপনার আর কোন আত্মীয় স্বজন নেই? যাদের কাছে আপনি যেতে পারেন?
শিরিন বললো: আমার যখন মাত্র দুই বছর বয়স, তখন আমার মা মারা যায়। বাবাই আমাদের জমিদার বংশের একমাত্র জীবিত পুরুষ। আমাদের জমি-জায়গা টাকা-পয়সার কোন অভাব ছিলনা। চাকর পেয়াদা কাজের মানুষ ছিল বাড়ি ভর্তি। মা মারা যাওয়ার পর বাবার এক বন্ধু বাবার অনিচ্ছা সত্ত্বেও তাকে দ্বিতীয় বিয়ে করান, আমাদেরই নায়েবের এক বোনকে। সেই থেকে শুরু হয় আমাদের পরিবারের অশান্তি।
ছোট্ট বেলায় আমাকে কয়েকবার মেরে ফেলার চেষ্টা করে, আমার সেই সৎ মা। আল্লাহর মেহেরবানীতে আমি বেঁচে যাই। তারপর থেকে বাবা তার জমি জমার তদারকি কর্মে একদম হাল ছেড়ে দেন। ফলে আমাদের প্রাচুর্যতা, জমি-জমা কমতে থাকে। বাবা সেদিক কোন খেয়াল না দিয়ে, সারাক্ষণ আমাকে আগলে রাখতেন।
আমার সৎমা আমাকে দুনিয়া থেকে সরাতে না পেরে, তার ভাই নায়েবকে নিয়ে বাবার সম্পত্তি আত্মসাৎ করতে থাকে। বাবা সবকিছু জানার পরও কোন বাধা না দিয়ে শুধুমাত্র আমাকে নিয়ে পড়ে থাকতেন।
আরও পড়ুন;