লেখক: কাজী মনির
আশপাশ থেকে কয়েকজন মানুষ রানা আর মেয়েটাকে লক্ষ্য করছে। এটা টের পেল রানা এবং এখানে এভাবে একটা মেয়ের সাথে কথা বলা অশোভনীয় এটা বুঝতে পারলো।
তাই শিরীনের কথা থামায়ে দিয়ে, অতি নিম্ন স্বরে রানা বললো: দেখুন এই রাজপথে আপনার সাথে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকাটা আপনার এবং আমার জন্য নিরাপদ নয়, আপনি যদি কিছু মনে না করেন তাহলে, আমার সাথে এলে আমি আপনার কথা আগ্রহ সহকারে শুনতে চাই এবং আপনার উপকার করার জন্য সাধ্যমত চেষ্টা করব।
শিরিনের মনে আবারও সন্দেহ নাড়া দিয়ে উঠলো, কিন্তু পরক্ষণেই ভাবলো ঠিকই তো এভাবে রাস্তায় দাঁড়িয়ে তাদের কথা বলাটা অনেকেই অনেকভাবে নেবে। আর তাতে ঝামেলা হতে পারে, এছাড়া সামাজিকভাবে এটা দৃষ্টিকটুও বটে। রানার কথায় তার প্রতি সন্দেহ ভাবটা একদম চলে গেছে।
তাই নির্বিঘ্নে বললো: বুঝেছি আমার জন্য আপনি বেশ বিপদে পড়ে গেলেন। চলুন আপনার সাথে আমার কোথাও যেতে আপত্তি নেই।
রানা সম্মতি পেয়েই একটা রিকসা ডেকে চট করে মেয়েটিকে নিয়ে এলাকা ছেড়ে চলে এলো শাপলাচত্তর। তারপর একটা সিএনজি নিয়ে সোজা চলে এলো বাংলামোটর, তার বাসায়। একবার রিকশা তারপর সিএনজি করে কতদূর এসেছে তা মোটেও আন্দাজ করতে পারছে না শিরীন। মনে মনে ভীষণ দোটানায় পড়ে গেছে। এক এক সময় মন এক এক রকম দুশ্চিন্তা করছে। তাই পথে একটিও কথা বলেনি। রানাও কোন প্রশ্ন করেনি।
রানা বাসার গেট খুলে নিজের রুমের দরজা খুলে শিরীনকে একটু স্পর্শ করে বললো: ভিতরে আসুন। শিরীন সাথে সাথে এগিয়ে বুঝতে পারলো সে একটা দালান ঘরে ঢুকেছে।
অতি অস্পষ্ট এবং কাঁপা স্বরে বললো: এটা আপনার নিজের বাড়ী বুঝি?
রানা বললো: না আমি ভাড়া থাকি, আপনার পাশেই সোফা, আপনি বসুন।
বলে রানা ফ্রিজ থেকে একটা পানির বোতল আর কিছু ফল বের করে এনে টেবিলে দিয়ে বললো: কিছু মনে করবেন না আপাতত ঠান্ডা পানি আর ফল আছে, আপনি খেতে থাকুন, আমি বাহির থেকে আসছি। রুম বাহির থেকে আমি লক করে যাবো, আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই। একটু রেস্ট করুন। বলে শিরীনকে কোন কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। একা বাসায় কোন কিছু ভাবতে পারছে না শিরীন। এখানে এসে ভুল করলো না তো। বুকটা শুকিয়ে আসছে, তাই হাত আন্দাজেই পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি খেল। একা একা কতক্ষণ বসে আছে তা ঠিক নেই, দুশ্চিন্তায় কোন কিছুই তার খেয়াল নেই। তবে বুঝতে পারছে এটা অভিজাত একটি বাসা। চোখটা ঘুমে ঝিমঝিম করছিল।
এমন সময় দরজা খোলার শব্দ হলো, আর শিরীনের মনটা অজানা আশষ্কায় আবার সজাগ হয়ে উঠলো। না জানি কপালে কি আছে। রানা
ঘরে ঢুকে দেখে ফল পড়ে আছে।
তাই বললো : একি আপনি ফল খাননি কেন? স্যরি আমার মনে হয় একটু বেশি দেরি হয়ে গেল। আসলে অনেক বিষয়ে আমার অভিজ্ঞতা মোটেই নেই, আপনি কিছু মনে করবেন না।
শিরীন রানার কথায় কিছুই বুঝতে পারলো না তাই জানতে চাইলো: আপনি কি বিষয়ের কথা বলেছেন আমি বুঝতে পারিনি।
রানা বললো : ওসব কথা থাক, আগে আপনার ফ্রেশ হওয়া দরকার। আসুন পাশেই ওয়াশ রুম আপনি ফ্রেশ হয়ে নেন। আর এই যে এখানে
কিছু কাপড় আছে, ফ্রেশ হয়ে এগুলো পরে নেবেন। রানা কয়েকটা প্যাকেট শিরীনের হাতে ধরায়ে দিল।
শীরিন হাতে নিয়ে আমতা আমতা করে বললো: এগুলি কিনতেই বুঝি বাইরে গিয়েছিলেন ? রানা বললো জ্বি, শিরীন আবার প্রশ্ন করলো: বাসায় কেউ থাকে না বুঝি?
রানা বললো: থাকলে আমার জন্য খুব ভাল হতো, কিন্তু দুঃখিত আমি একাই থাকি। চলুন আপনাকে ওয়াশ রুমটা দেখিয়ে দেই। রানাকে অনুসরণ করে বাথরুমের দরজার কাছে এসে শিরীন রানার দিকে ঘুরে তাকালো, রানা বললো: ভিতরে সবই আছে, আশা করি আপনার পেতে
অসুবিধা হবে না। আপনি ভিতর থেকে দরজা আটকিয়ে ফ্রেশ হয়ে নেন। আমি আবার একটু বাইরে যাবো, আপনার ফ্রেশ হতে হতেই চলে আসবো। বলে রানা বাইরে থেকে রুম আটকে বেরিয়ে গেল।
শিরীন বাথরুমে ঢুকে হাতের আন্দাজে সবকিছুই খুঁজে পেল। সাবান শ্যাম্পু বাথরুমের কোথায় কি থাকে তা তো তার অজানা নেই। কতদিন পর সে বাথরুমে, মনে হচ্ছে তারই বাথরুম। কাপড়চোপড়গুলো হ্যাঙ্গারে রেখে প্রাণ ভরে গোসল করছে। কতকাল গোসল করা হয়নি। সাওয়ার ছেড়ে মনেরমত নিজেকে ফ্রেশ করে নিল। আয়নার সামনে দাঁড়িয়েই চিরুনী দিয়ে চুল আঁচড়ালো। রং আর ময়লায় চুলগুলো একবারে বেয়াড়া হয়ে গিয়েছিল। কাপড় পরতে পরতে বুঝলো এগুলো অনেক দামী এবং ভাল পোশাক। অন্তরবাসটা পরতে গিয়ে রানা নিজেকে অনভিজ্ঞ বলার কারণটা বুঝলো। নতুন জামাকাপড় পরতে পরতে কেন যেন মনের ভিতর একটা শিহরণ বয়ে গেল শিরীনের। তাকে দেখতে কেমন দেখাচ্ছে! তা দেখার জন্য মনটা ছটফট করছে।
হাতের আন্দাজে আয়নার সামনে গিয়ে কিছুক্ষণ মনের পর্দায় নিজেকে দেখতে চেষ্টা করলো। বেখেয়ালে আয়নার উপর হাত বুলাতে লাগলো, বুকটা খালি করে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। হঠাৎ করেই আর একটা চিন্তা মাথায় এলো। কে এই যুবক! কেন তাকে রাস্তা থেকে তুলে এনে এভাবে তার জন্য টাকা-পয়সা খরচ করছে! স্বার্থ ছাড়া তো কেউ কিছু করে না, তাহলে এই লোকটার স্বার্থ কি?
(চলবে, পরের অংশ প্রকাশিত হবে আগামীকাল ৩/১২/২০১৭)
আরও পড়ুন;
একটি ফুলের মৃত্যু
