একদিনে বাংলাদেশে প্রবেশ করেছে ৩৫০০০ রোহিঙ্গা




গত একদিনে ৩৫ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে গত ২৫ আগস্ট মিয়ানমারে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ১ লাখ ২৩ হাজারেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং বৌদ্ধ সন্ত্রাসীরা নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা করছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। স্যাটেলাইট থেকে সংগৃহীত ছবির সূত্রে হিউম্যান রাইটস ওয়াচ ১৭টি পৃথক স্থান চিহ্নিত করেছে, যেখানে কোথাও কোথাও পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। কেবল রাখাইন প্রদেশের মুসলিম অধ্যুষিত রাথিদং এলাকাতেই ৭০০ বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
রাখাইন প্রদেশে সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি সে দেশের কিছু লোকও গণহত্যায় অংশ নিচ্ছে। নৃশংসতার প্রমাণ লুকাতে মিয়ানমারের সেনাবাহিনী মরদেহ সংগ্রহ করে পুড়িয়ে ফেলছে বলেও তিনি অভিযোগ করেন।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সংঘাত বন্ধ করতে মিয়ানমারের প্রকৃত নেতা অং সান সুচির পদক্ষেপ গ্রহণ করার এখনই সময় কেননা রোহিঙ্গা উদ্বাস্তুরা ক্রমেই এ অঞ্চলের উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এদিকে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান ‘অভিযান’ অব্যাহত রাখার আভাস দিয়েছে। সেনাবাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং বলেছেন, রোহিঙ্গা গ্রামগুলোয় চলমান অভিযান হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ‘অসমাপ্ত কাজ’। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত সুরক্ষা এবং রাখাইন প্রদেশে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীরা যাতে নিজেদের ভূখণ্ড গড়ে তুলতে না পারে, তা ঠেকাতে সেনাবাহিনী দেশের প্রতি দায়িত্ব পালন করছে।
গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে সমন্বিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও বাকিরা রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী বলে দেশটির সরকার ও সেনাবাহিনী নিশ্চিত করে। ওই ঘটনার পর রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশের দিকে আসতে থাকে মিয়ানমারের রোহিঙ্গারা।
মিয়ানমারের সেনাবাহিনী প্রধান ১৯৪২ সালে রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, সে সময় জাতিগত রোহিঙ্গারা পলায়নপর ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল। অন্যদিকে রোহিঙ্গারা জাপানি বাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল। সেবার পৃথক রোহিঙ্গা রাষ্ট্র গড়ার চেষ্টা চালাতে গিয়ে বেশ কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। মিয়ানমার সেনাবাহিনী প্রধান বলেন, আমরা আর কখনো এত খারাপ ঘটনা ঘটতে দেব না।