গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিকালের মধ্যে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যায়।
এছাড়া জানা গেছে, যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবারও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার নতুন শনাক্ত হয়েছে ৬০ হাজার ২০৯ জন।
যুক্তরাষ্ট্রে এর আগে গত ২ জুলাই একদিনে সর্বোচ্চ ৫৫,২২০ জনের ভাইরাস শনাক্ত হয়েছিল।
যুক্তরাষ্ট্রে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার পার হয়েছে।
বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস- দুটি রাজ্যেই দৈনিক ১০ হাজারের বেশি মানুষের ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা এ নতুন রেকর্ড গড়েছে।
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় যে কোনও দেশের চেয়ে ওপরে আছে যুক্তরাষ্ট্র।

