গত বছর ডিসেম্বরের শেষভাগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। টানা কয়েক মাসের প্রচেষ্টায় শহরটির সংক্রমণ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছিল চীনা কর্তৃপক্ষ।
খুলে ফেলা হয়েছিল লকডাউন। কিন্তু এরপরই শহরটিতে নতুন করে কভিড-১৯ রোগী শনাক্ত হয়। ফলে শহরের সব মানুষের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গেল দু সপ্তাহে উহান শহরের, প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখানে মাত্র ৩০০ উপসর্গবিহীন রোগী শনাক্ত হয়েছে।
সব নাগরিকের করোনা পরীক্ষার ফলে শহরটিতে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি নেই বললেই চলে। এটাকে বড় সাফল্য উল্লেক করে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহকারি পরিচালক ফেং জিজিয়ান বলেন, ‘এটি কেবল উহানের জনগণকে স্বস্তি দেবে না, বরং এটি চীন জুড়েই মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে।’
মঙ্গলবার উহানের একজন কর্মকর্তা এপিকে বলেছেন যে, ‘১৪ ই মে থেকে ১ জুন পর্যন্ত এই শহরটি সব বাসিন্দা পরীক্ষা সম্পন্ন করেছে। পজিটিভ হওয়া ৩০০ জন ব্যক্তি সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের ছিল তাদের মাঝে কোনো সংক্রমণ না পেলে শহরটিকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হবে। আপাতত এই ৩০০ জনকে আলাদা করে রাখা হবে যাতে তাদের মাধ্যমে অন্যদের মাঝে সংক্রমণ ছড়াতে না পারে।’
পরীক্ষার জন্য গঠিত বিশেষজ্ঞের একটি টিমের সদস্য লি লানজুয়ান বলেন, ‘আগের পরীক্ষিতদের যদি নতুনদের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তবে ১ কোটি ১০ লাখ লোকের শহরে কার্যত ৫ বছরের বেশি বয়সের প্রত্যেকেরই পরীক্ষা করা হয়েছে। উহান শহর এখন নিরাপদ।’
চীনের উহানে উৎপত্তি হলেও সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৫ লাখ ৬৮ হাজার ৫১১ জন। মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৫৭ জন। মারন এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩১ লাখ ৬৯ হাজার ২৬৪ জন।
সূত্র- ফক্স নিউজ।

