ঋণ গ্রহণের ব্যয় ধীরে ধীরে বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ অর্থায়ন বন্ধে কঠোর পদক্ষেপ সত্ত্বেও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো অবস্থানে রয়েছে। যার সুবাদে গতকাল এশিয়ার শেয়ারবাজার এক দশকের সর্বোচ্চে পৌঁছে।
গতকাল মধ্যাহ্নবিরতি পর্যন্ত চীনের ব্লু-চিপ সিএসআই৩০০ সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪৮ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে সাংহাই কম্পোজিট ইনডেক্স
দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৬১ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। হংকংয়ে হাং সেং সূচক ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। এছাড়া হংকং চায়না এন্টারপ্রাইজ সূচক বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
শুক্রবার বাজার বন্ধের পর চীনের আগস্ট মাসের ঋণতথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যে দেখা গেছে, বাড়ি ক্রেতা ও কোম্পানিগুলোর চাহিদার কারণে গত মাসে চীনা ব্যাংকগুলো প্রত্যাশার তুলনায় বেশি ঋণ দিয়েছে।
এছাড়া দেশটির আবাসন বাজার ভালো অবস্থায় রয়েছে। চীনা কেন্দ্রীয় ব্যাংকের এক জরিপ অনুসারে, সরকারের মূল্য প্রশমন পদক্ষেপ সত্ত্বেও এক-তৃতীয়াংশ পরিবারের মতে আগামী প্রান্তিকগুলোতে আবাসন মূল্য বাড়তে থাকবে।
জাপান বাদে বিস্তৃত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এমএসসিআই সূচক দশমিক ৯ শতাংশ বেড়ে সর্বোচ্চে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার প্রধান সূচক বেড়েছে দশমিক ৬ শতাংশ।
