অতিরিক্ত ভিড়ের কারণে এভারেস্টে গত এক সপ্তাহের মাথায় ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও, গত বৃহস্পতিবার মাউন্ট এভারেস্টের চূড়া থেকে নামতে গিয়ে আরও তিন পর্বতারোহী মারা গেছেন।
নিহত পর্বতারোহীদের মধ্যে দুজন ভারতের কল্পনা দাস (৫২) ও নিহাল বাগওয়ান (২৭) ও একজন অস্ট্রিয়ার নাগরিক ছিলেন। তবে অস্ট্রিয়ান নাগরিকের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, ভারতের দুজন নেপালের দিক দিয়ে ও অস্ট্রিয়ার পর্বতারোহী উত্তর তিব্বতের দিক দিয়ে এভারেস্ট জয় করেছিলেন।
এ বিষয়ে বিবিসির দেয়া এক প্রতিবেদনে জানা যায় , এভারেস্টের চূড়ায় প্রচণ্ড ভিড়ে আটকে পড়ে অক্সিজেন সংকটে পড়ে মারা গেছেন এই পর্বতারোহীরা।
গত বুধবার বিশ্বের সর্বোচ্চ চূড়ায় প্রাণ হারিয়েছিলেন একজন ভারতীয় ও একজন মার্কিন নাগরিক। গত ১৬ মে একজন আইরিশ অধ্যাপকও মারা গিয়েছিলেন। এছাড়াও, গত বছর এভারেস্টে পাঁচজন পর্বতারোহী মারা গিয়েছিলেন বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই এভারেস্টে দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় এভারেস্টে উঠতে ইচ্ছুক পর্বতারোহীর সংখ্যা নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরী। আরও জানা যায়, ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক বেন ফগেল গত বছর এভারেস্টে ওঠার ব্যাপারে লটারি ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছিলেন।

