দুই দিন আগে জানা গিয়েছিল, বার্সেলোনার কোচ হতে সম্মত হয়েছেন জাভি হার্নান্দেজ। তবে ৪৮ ঘণ্টার ব্যবধানে বদলে গেলো সে চুক্তির খবর।
জানা গেছে, আরও এক বছর কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্ব পালন করবেন জাভি।
মৌসুম শেষে কাতালানদের কোচের দায়িত্ব নেবেন, ইতোমধ্যে বাৎসরিক ৬ মিলিয়ন ইউরো চুক্তিতে সম্মতও হয়েছেন, গণমাধ্যমের এমন খবরে গরম কাতালান শিবির। কিন্তু, কোনো এক অজানা কারণে হঠাৎই বেঁকে বসেছেন জাভি।
আর্নেস্তো ভালভার্দে কোচ থাকাকালীনই তার উত্তরসূরি হিসেবে জাভিকে চাচ্ছিলো বার্সা বোর্ড। কিন্তু, তখন আরো কিছুটা সময় চেয়েছিলেন তিনি। কিকে সেতিয়েনের অধীনে দলের বাজে পারফরম্যান্স আর পারস্পরিক সম্পর্কের টানাপড়েনে এলোমেলো বার্সেলোনা, সাবেক ফুটবলারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়ে উঠেছে উন্মুখ।
কিন্তু হঠাৎই বদলেছে চিত্র। জাভির বরাত দিয়েই ক্লাব আল সাদ অফিসিয়াল ওয়েবসাইটে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।
জাভি বলেন, নতুন চুক্তি নিয়ে সন্তুষ্ট আমি। পুরো স্কোয়াডকে একসঙ্গে পেয়ে ভালো লাগছে। ঘরোয়া লিগ ও এশিয়ান প্রতিযোগিতার জন্য দলকে প্রস্তুত করাই এখন আমার মূল লক্ষ্য।

