মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর অত্যাচারের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ কমে গেলেও পুরোপুরি ভাবে থামছে না। একটি ভেলার সাহায্যে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আরও ৫২ রোহিঙ্গা।
আজ বুধবার সকাল নয়টার দিকে কক্সবাজারের টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা। তাদের মধ্যে ২২টি শিশু, ১৭ নারী ও ১৩ জন পুরুষ রয়েছে।
ভেলায় ভেসে আসা রোহিঙ্গাদের উদ্ধার করে হেফাজতে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি-২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম।
ভেলার সাহায্যে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বুচিডং শহরের চিংঅং গ্রামের বাসিন্দা নুরুল কবির বলেন, মিয়ানমার থেকে পালানোর জন্য নৌকা না পেয়ে চার দিন ধরে প্লাস্টিকের জারিকেন ও বাঁশ দিয়ে একটি ভেলা তৈরি করা হয়। পরে ওই ভেলায় ৫২ জনকে নিয়ে মিয়ানমারের মংডু শহরের দংখালি গ্রাম থেকে দিবাগত রাত তিনটার দিকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তাঁরা। বইঠা চালিয়ে নাফ নদী পাড়ি দিয়ে সকাল আটটার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় পৌঁছান। পরে বিজিবির সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
বিজিবি-২–এর অধিনায়ক এস এম আরিফুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ৫২ জনকে উদ্ধার করা হয়। তাদের মানবিক সহায়তা দিয়ে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। তাদের সঙ্গে ইয়াবা, অস্ত্র ও অবৈধ পণ্য আছে কি না, তল্লাশি করে নির্ধারিত স্থান রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
এস এম আরিফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে জারিকেনের সহযোগিতায় বেশ কিছু যুবক বাংলাদেশে পালিয়ে আসে। এর মধ্যে ভেলা তৈরি করে অনুপ্রবেশ করার ঘটনাটি প্রথম। আজ বিকেলের মধ্যে তাদের উখিয়ার বালুখালীতে পাঠানো হবে।
মিয়ানমারের বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) রাখাইন রাজ্যের বেশ কিছু পুলিশ পোস্টে হামলা করলে গত ২৫ অগাস্ট রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত গ্রামগুলো অভিযান শুরু করে সেনাবাহিনী।
ওই অভিযান শুরুর পর এ পর্যন্ত সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ পাওয়া যাচ্ছে তাদের কথায়।
