‘খিদের জ্বালা বড় জ্বালা’! এ জ্বালা নিবারণের পথ বের করতে এমন কিছু উপায় মানুষ বের করে, যা কল্পনাতেও আনা হয়ত সম্ভব না। এমনই এক কাণ্ড ঘটেছে ভারতের অরুণাচল প্রদেশে।
করোনাভাইরাসের কারণে ঘরে চাল নেই। আয়ের পথ বন্ধ। তাই একরকম বাধ্য হয়েই অরুণাচল প্রদেশের একদল লোক ১২ ফুটেরও বেশি লম্বা একটি বিষধর গোখরো সাপ শিকার করে তা দিয়েই খিদে মেটালেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই দীর্ঘকায় সাপটি ৩ ব্যক্তি নিজেদের কাঁধে জড়িয়ে রেখেছেন। ভিডিওটি প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে ৩ শিকারী দাবি করছেন যে তারা জঙ্গলে গিয়ে কিং কোবরা বা গোখরো সাপটিকে ধরে নিয়ে এসেছেন।
এরপর ওই সাপটিকে মেরে তার ছাল ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেলে তাকে টুকরো টুকরো করে কেটে কলাপাতায় রাখেন তারা। এরপর আগুন জ্বালিয়ে ভাল করে ফুটিয়ে রান্না করা হয় ওই বিষধর সাপকে। তারপর তাকে খেয়ে পেটের জ্বালা মেটান তারা।
ওই শিকারের ঘটনা জানাজানি হওয়ার পর তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ জাতীয় সাপ শিকার করলে তা জামিন অযোগ্য অপরাধ। মামলার পর থেকে তারা পালিয়ে আছেন।
সূত্র- এনডিটিভি।

