করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে চলছে সরকার ঘোষিত ‘লকডাউন’ সেইসাথে মানুষকে সতর্ক করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে।
এবার সেই সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মৃত্যুর পর এক ব্যক্তির শেষকৃত্য করতেও এগিয়ে আসেনি কেউ। মৃত ওই ব্যক্তি করোনা আক্রান্তে মারা যাননি।
এমতাবস্থায় কারোর সাহায্য না নিয়ে পরিস্থিতি দেখে তাঁর শেষকৃত্যে এগিয়ে এল তার চার কন্যা। তারাই বাবার দেহ কাঁধে করে নিয়ে গেল শ্মশানে।
এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের আলিগড়ে। মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার। জানা যায়, আলিগড়ের নুমাইশ ময়দানের চা-হেলিংয়ের বাসিন্দা ছিলেন বছর ৪৫ এর সঞ্জয় কুমার।
পেশা চা বিক্রেতা হলেও বেশ কিছুদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন তিনি। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, চার মেয়ে অভাবের কারণেই পড়াশোনা ছেড়ে দিয়েছে বাধ্য হয়ে।
তবে, চরম দারিদ্রতার মধ্যেও কারও সাহায্য নেননি সঞ্জয় কুমার। সম্প্রতি তার শরীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু দেশজুড়ে চলছে লকডাউন। সরকারি হাসপাতালেও ওষুধ মিলছে না।
এই পরিস্থিতিতে বাইরে থেকে ওষুধ কিনে খাওয়া সম্ভব ছিল না তার পক্ষে। শেষরক্ষা হয়নি। মারা গেলেন তিনি।
কিন্তু আতঙ্ক আর সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কারণে তার মৃত্যুর পর সৎকারের কাজেও এগিয়ে আসেনি কেউ। শেষে চার মেয়েই কাঁধে করে বাবার দেহ নিয়ে যায় শ্মশানে। সেখানেই হয় শেষকৃত্য।
পেপার’স লাইফ/খবর/বিদেশ

