এবার আইএসের হুমকিতে রোনালদো




২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলকে নিশানা করে বহু দিন ধরেই একের পর এক পোস্টার প্রকাশ করছিল ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি এক হুমকি পোস্টারে লেখা হয়,  ‘রাশিয়া বিশ্বকাপকে স্মরণীয় করতে’ ভিন্ন পরিকল্পনা আছে তাঁদের। যদিও এই সব পোস্টারকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে না আয়োজক দেশ রাশিয়া। তবে হুমকি দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। মেসি পর এবার নেইমার ও রোনালদোকে হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করলো আইএস।
আইএসের এক পোস্টারে কিছুদিন আগেই মেসির রক্তাক্ত ছবি ব্যবহার করা হয়েছিল। আরও একটি পোস্টারে মেসির সঙ্গে দেখানো হয় নেইমারকেও। সেখানে লেখা ছিল, ‘তোমরা নিরাপত্তা পাবে না, যত দিন আমরা মুসলিম দেশগুলোতে তা উপভোগ করতে পারব।’
মেসি ও নেইমারকে আইএসের পোস্টারে দেখে ফুটবলবিশ্ব যখন আতঙ্কিত, ঠিক তখনই রোনালদোকে নিয়ে নতুন এক পোস্টার প্রকাশ করল তারা। সেখানে দেখা যাচ্ছে পর্তুগিজ অধিনায়কের চোখের নিচে আঘাতের চিহ্ন, তাঁর পেছনে দাঁড়িয়ে অস্ত্রধারী এক জঙ্গি। সেখানে লেখা, ‘আমরা যা বলি সেটা তোমরা শোনো না। দেখো, অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি!’
ফুটবল নিয়ে আইএসের বিতৃষ্ণা দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। গত বছর ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটি ক্লাবে হামলা চালিয়েছিল আইএস। দুই হামলায় ২৮ ফুটবল সমর্থককে হত্যা করেছিল তারা। এই সংগঠনের নিয়ন্ত্রণাধীন অবস্থায় মসুল শহরে ফুটবল খেলা ছিল আতঙ্কের অন্য নাম। কিছুদিন আগে বরুসিয়া ডর্টমুন্ডের বাসেও বোমা হামলা হয়েছে। এই মুহূর্তে রাশিয়া বিশ্বকাপ নিয়েও আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।