এবার আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্তরা




জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।
সংগঠনটির নেতারা বলেছেন, শনিবারের মধ্যে দাবি না মানা হলে পরদিন রোববার থেকে তাঁরা আমরণ অনশন শুরু করবেন।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ওই সব মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশনের গতকাল ছিল তৃতীয় দিন। তাঁরা বলেন, গতকাল আরও ৪৫ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এ নিয়ে তিন দিনে ৮৯ জন শিক্ষক অসুস্থ হয়েছেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে দেখা গেছে, মূল ফটকের পূর্ব পাশে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁরা মাইকে বক্তৃতার পাশাপাশি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। দুপুরের দিকে পুলিশ মাইক বন্ধ রাখার নির্দেশ দেয়।
লিয়াজোঁ ফোরামের নেতা সাইদুল ইসলাম বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা পাবে। ছাত্রছাত্রীদের বেতন লাগবে না, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়বে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। আরেক শিক্ষক নেতা নজরুল ইসলাম বলেন, ফোরামের নেতারা সভা করে সিদ্ধান্ত নিয়েছেন ১৩ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে আমরণ অনশন করবেন।
জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের পশ্চিম পাশে ফুটপাত ও সামনের সড়কের একাংশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা আমরণ অনশন করছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের বিষয়ে তাঁরা কোনো আশ্বাস পাচ্ছেন না। তাই অনশন চালিয়ে যাবেন।
অনশনস্থলে গিয়ে দেখা গেছে, শীতের মধ্যে খোলা আকাশের নিচে শিক্ষকদের অনেকেই শুয়ে আছেন। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষককে স্যালাইন দেওয়া হয়েছে। বেশি কষ্ট হচ্ছে নারী শিক্ষকদের। তবে তাঁরা বলছেন, যতই কষ্ট হোক, এবার দাবি পূরণ ছাড়া বাড়ি যাবেন না।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা-সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিবকে গত বুধবার সন্ধ্যায় দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে দেওয়া তথ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৩ হাজার ৪৩৩টি উল্লেখ করা হয়েছে। এগুলোতে শিক্ষক আছেন ১৫ হাজার ২৪৩ জন। অবশ্য আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন, মাদ্রাসা বোর্ড থেকে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৮ হাজার ১৯৪টি হলেও চালু আছে ১০ হাজারের মতো।