এবার ইসরায়েলেও অ্যাপেলের বিরুদ্ধে মামলা




আইফোনে ধীর গতির কারণ ব্যাখা করতে গিয়ে অ্যাপল জানিয়েছে, তাদের অ্যালগরিদম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যাটারিতে চার্জ কম থাকলেও ডিভাইসটি পুরোপুরি বন্ধ না হয়ে সন্তোষজনক কার্যক্ষমতা দিতে পারে। মার্কিন কোম্পানিটির এমন স্বীকারোক্তির পর অ্যাপলের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় ক্লাস অ্যাকশন মামলা করেছেন স্টেফান বোগডানোভিচ ও ডেকোটা স্পিয়াস নামের দুই বাসিন্দা। এরপর ইসরায়েলেয় মামলার সম্মুখীন হয়েছে মার্কিন এই টেক জায়ান্ট।
সোমবার ইসরায়েলি পত্রিকা হারেতজ জানায়, যে মামলা দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে ‘নিরীহ’ সফটওয়্যার আপডেট যে আইফোনে নেতিবাচক প্রভাব ফেলবে তা না জানিয়ে গ্রাহকের প্রতি প্রতিষ্ঠানটি তাদের মৌলিক দায়িত্ব পালন করেনি।
মামলার বাদী অভিযোগ করেন, সফটওয়্যার আপডেট ওয়েব ব্রাউজিং, ইমেইল এবং অন্য আরও অ্যাপ্লিকেশন ব্যবহারে প্রতিবন্ধকতা এনেছে।
মামলায় উল্লেখ করা হয়, “কোনো সন্দেহ নেই ডিভাইসে ধীর গতি আনার তথ্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। আর সফটওয়্যার আপডেট ইনস্টল করবেন কিনা তা সিদ্ধান্ত নিতে অ্যাপলের কাছ থেকে এই তথ্যটি পাওয়ার অধিকার রয়েছে গ্রাহকের।”
শুক্রবার একই কারণে যুক্তরাষ্ট্রে দুইটি ক্লাস-অ্যাকশন মামলা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে।
এর আগে রেডিট-এর এক প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ব্যবহারের পর প্রসসরের ক্লক স্পিড কমিয়ে দেয় আইফোন। এটি অ্যাপল ইচ্ছাকৃতভাবেই করেছে বলে জানানো হয়। অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “গ্রাহকদেরকে সবচেয়ে ভালো কার্যক্ষমতা দেওয়াটাই আমাদের লক্ষ্য, এর মধ্যে সার্বিক কার্যক্ষমতা ও ডিভাইস দীর্ঘস্থায়ী করার বিষয় রয়েছে। শীতল আবহাওয়ায় লিথিয়াম-আয়ন ব্যাটারি চাহিদার থেকে কম শক্তি সরবরাহ করে, অনেকদিন ব্যবহারের পর ব্যাটারির চার্জ কম থাকে, যার কারণে ইলেক্ট্রনিক যন্ত্রাংশগুলো রক্ষা করতে ডিভাইসটি অনাকাংক্ষিতভাবে বন্ধ হয়ে যায়। আগের বছর আইফোন ৬, আইফোন ৬এস এবং আইফোন এসই-এর জন্য নতুন ফিচার এনেছে অ্যাপল। প্রতিকূল অবস্থাগুলোতে অনাকাংক্ষিতভাবে ডিভাইস যাতে বন্ধ না হয় সে কারণেই ফিচারটি আনা হয়েছে।”
এই ফিচারের কারণেই ডিভাইসগুলোতে কিছুটা ধীর গতি দেখা দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।