সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন পাশ করেছে কানাডার কুইবেক প্রদেশ। যোগাযোগ ও নিরাপত্তা ইস্যুকে মাথায় রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে, কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলি।
এই আইনটি পাশের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে তাদের মুখ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেলরা দু’বছর আগেই এই বিলটি উত্থাপন করেছিল। আর এখন এটি পাশ হবার কারণে-প্রদেশের আমলা, পুলিশ কর্মকর্তা, বাস চালক, ডাক্তার, মিডওয়াইভ এবং দাঁতের ডাক্তারসহ সরকারি যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মুখ অনাবৃত থাকতে হবে।
এছাড়া প্রদেশের যেসব শিশুকেন্দ্রে ধর্মীয় শিক্ষা দেয়া হতো সেই সেবাও বন্ধ হয়ে যাবে- এই আইনে এমনটাই বলা হচ্ছে। কুইবেক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ‘বিল সিক্সটি-টু’ নামের এই আইনটি পাশ হয় ৬৬-৫১ ভোটে।
