করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে পৃথিবী। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। ক্রিকেট, ফুটবল, হকি, টেনিসের অসংখ্য লীগ, টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে, বাতিলের পথে অনেকগুলো।
সেই তালিকায় যোগ হলো ক্রিকেট বিশ্বকাপ বাছাইও। বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আগামী ৩০ জুনের আগে মধ্যে বাছাইপর্বের যেসব খেলা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। নতুন সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এই নিয়ে আইসিসি’র সিদ্ধান্তে ৮টি টুর্নামেন্ট স্থগিত করা হলো।
সর্বশেষ খবর অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ২২৪ জন আর মারা গেছেন ২৪ হাজার ৮৭ জন।

