করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় শুরু থেকেই এগিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রকরা। ক্রিকেটারদের পাশে থেকে সবরকম সাহায্য সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দেশের ক্রিকেট ক্লাবগুলোর পাশে দাঁড়িয়েছে বিসিবি।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপোলিসের (সিসিডিএম) অধীনে থাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে শুরু করে থার্ড ডিভিশনের মোট ৭৬টি ক্লাবকে বিসিবির পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসে দুর্গতদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে সিসিডিএমের অধীনে থাকা ক্লাবগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বিসিবির এই ত্রাণের প্যকেটে রয়েছে প্রয়োজনীয় চাল, ডাল থেকে শুরু করে সাবান পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ৭৬টা ক্লাবকে বোর্ড প্রেসিডেন্টের পক্ষ থেকে ৩০ প্যাকেট করে ত্রাণ দেওয়া হয়েছে।
এর আগে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও আর্থিক সাহায্য দিয়েছিল বিসিবি। এ ছাড়া হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সহায়তা করেছে ক্রিকেট বোর্ড। এর বাইরে মানুষের কল্যাণেও কাজ করতে যাচ্ছে বিসিবি। ২০ হাজার মানুষকে খাদ্য সরবরাহের কথা রয়েছে।

