করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ঢাকা-কলকাতা রুটে বাস চলাচলও বন্ধ হচ্ছে। ১৩ মার্চ থেকে ভারত সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে।
জানা যায়, ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা থাকলে যাত্রীও থাকবে না, সে কারণেই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক রুটে বাস চলাচল করা পরিবহন মালিকরা।
এ বিষয়ে, সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, এটা ভারত সরকারের সিদ্ধান্ত। ভারতে ঢুকতে না পারলে যাত্রীরাও যেতে চাইবেন না। ভারত সরকারের নিষেধাজ্ঞার বিষয়টি যাত্রীদের জানানো হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ বলেন, শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর থেকে যাত্রীবাহী আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না। যে কারণে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে। ফলে বৃহস্পতিবার রাতেই কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে শেষ টিপ।
তিনি আরও বলেন, ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সব বাস এর আওতায় থাকবে। যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

