দ্বিতীয়বারের মতো জিএম কাদেরকে জাতীয় পার্টি (জাপা)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার রাত ১১টার দিকে বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে ভাঙা শরীরে সুতি কাপড়ের পাঞ্জাবি চাপিয়ে অস্পষ্টশব্দে এরশাদ জানালেন, শারীরিক অসুস্থতার কারণে তার ভাইকে তিনি ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে নিযুক্ত করেছেন। পরবর্তী ঘোষণা পর্যন্ত গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে দলটির প্রেসিডিয়ামের একজন সদস্য জানান, এরশাদ হাতে স্বাক্ষর করতে পারছেন না অসুস্থতার কারণে। এজন্যই সংবাদ সম্মেলন ডেকে এই কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরে রওশনপন্থীরা বাধা হলে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করেন তিনি। কিন্তু গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে কাদেরকে বেছে নেন।
এই বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুর যাওয়ার আগে ছোট ভাই জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এরশাদ। কিন্তু গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

