এবার যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। যুক্তরাজ্যে রাশিয়ার সাবেক গুপ্তচর ও তার কন্যার ওপর নার্ভ এজেন্ট হামলার ঘটনা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য থেকে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারে এই পাল্টা ব্যবস্থা নিয়েছে মস্কো।
শনিবার রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লরি বিরসতোকে তলব করে মস্কো তার এ সিদ্ধান্তের কথায় জানিয়ে দেয়। এ সময় লরির হাতে এক সপ্তাহের মধ্যে ২৩ কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ সংবলিত একটি চিঠি দেওয়া হয়।
গত বুধবার যুক্তরাজ্য ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। এর তিন দিনের মাথায় ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে পাল্টা জবাব দিল রাশিয়া।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মূলত যুক্তরাজ্যের সিদ্ধান্তের পাল্টা জবাব দিতেই রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রাশিয়ার জবাব আরও কঠোর হয়েছে। ২৩ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি রাশিয়ায় থাকা ব্রিটিশ কাউন্সিল ও সেন্ট পিটার্সবার্গের ব্রিটিশ কনস্যুলেটও বন্ধ করে দেওয়া হয়েছে।
যুক্তরাজ্য ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের পর বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেন, ‘আপনাদের নিশ্চিত করে বলতে পারি, এর জবাব শিগগিরই দেওয়া হবে।’
দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের চরমে পৌঁছে রুশ গোয়েন্দা সেরগেই স্ক্রিপাল ও তাঁর মেয়ের ওপর বিষাক্ত রাসায়নিক গ্যাস প্রয়োগের ঘটনা। ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে বাইরে বেঞ্চিতে সেরগেই স্ক্রিপাল (৬৬) ও তাঁর মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে (৩৩) অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তাঁদের দুজনের ওপর নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করা হয়েছিল। যুক্তরাজ্য শুরু থেকেই দাবি করে আসছে, রাশিয়ার গুপ্তচররাই স্ক্রিপাল ও তাঁর মেয়ের ওপর ওই গ্যাস প্রয়োগ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের দাবি, তাঁর দেশ পরীক্ষা করে প্রমাণ পেয়েছে, এই নার্ভ এজেন্ট রাশিয়ার তৈরি। যার নাম ‘নভিচক’।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ৪ মার্চের ঘটনাকে যুক্তরাজ্যের ভূখণ্ডে রাশিয়ার বেআইনিভাবে শক্তি প্রয়োগ বলে উল্লেখ করেন। তিনি মঙ্গলবার রাশিয়ার কাছ থেকে এ বিষয়ে সরাসরি ব্যাখ্যা চান। কিন্তু রাশিয়া এর ব্যাখ্যা না দিলে তার পরের দিন বুধবার ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন। তাঁদের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
