বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পরা নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নেপাল।
গরকাল বৃহস্পতিবার দেশটির সরকার ১৪ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবার এভারেস্টে চড়ার অনুমোদন বাতিল করেছে।
এক বিবৃতিতেনেপালের প্রধানমন্ত্রী কার্যালয়ের সেক্রেটারি নারায়ন প্রসাদ বিদারি বলেছেন, “৩০ এপ্রিল পর্যন্ত সব পর্যটন ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন পর্যন্ত (এভারেস্ট আরোহনে) যেসব অনুমোদন দেয়া হয়েছিল, এবং ২০২০ এর আরোহন মৌসুমে আর যে অনুমোদনগুলো দেয়ার কথা ছিল সব বাতিল করা হচ্ছে। ১৪ মার্চের পর আসা বিদেশিদের ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে”।
এর আগে চীন তাদের অংশ দিয়ে পর্বতশৃঙ্গটিতে আরোহন বন্ধ করে দিয়েছিল।
পর্যটন খাত থেকে প্রতিবছর নেপাল যা আয় করে তার মধ্যে এভারেস্টে চড়ার অনুমোদন বাবদই ৪০ লাখ ডলার আসে।
বিশ্বের সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গ আরোহনে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার পর্বতারোহীদেরই বেশি দেখা যায়; এতে চড়ার অনুমতি দিয়ে নেপাল সরকারের বিপুল আয়ও হয়। সাধারণত, প্রত্যেক পর্বতারোহীকে এভারেস্টে আরোহনের অনুমতি নিতে ফি বাবদ ১১ হাজার ডলার খরচ করতে হয়; কয়েক বছর ধরেই নেপাল সরকার এ ফি’র পরিমাণ বাড়ানো নিয়ে আলোচনা করছে বলেও বিবিসি জানিয়েছে।

