ইনফিনিটি ওয়ার মুভিতে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা মুছে দিতে ইনফিনিটি স্টোন ব্যবহার করেছিল থানোস। তাতে ডক্টর স্ট্রেঞ্জ থেকে পিটার পার্কার চোখের সামনে স্রেফ হাওয়া হয়ে গিয়েছিল।
এ বার যেন সেই অবস্থা হল গুগলের। থানোসের এক চুটকিতে একে একে গায়েব যাবে সমস্ত সার্চ রেজাল্ট।
বিশ্ব যখন এভেঞ্জার্স জ্বরে কাঁপছে, ঠিক সেখানে সামিল গুগলও। গুগল সার্চ ইঞ্জিনে ইংরেজিতে থানোস লিখে সার্চ করলে পাওয়া যাবে সবরকমের তথ্য। একই সঙ্গে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে ইনফিনিটি স্টোন খচিত থানোসের সোনালি রঙের ধাতব দস্তানা।
ওই দস্তানার উপর ক্লিক করলেই, থানোসের চুটকিতে একে একে সমস্ত সার্চ রেজাল্ট মুছে যেতে শুরু করবে। পরবর্তীতে দস্তানার উপর দ্বিতীয় বার ক্লিক করতে হবে। তা হলেই টাইম স্টোন ব্যবহার করে ফের সব কিছু রিস্টোর করে দেবে থানোস।
উল্লেখ্য, বিশেষ দিনে বিশেষ উপলক্ষে এমন চমক বারবার নিয়ে আসে গুগল। এবার এভেঞ্জার্স পাগলামিতে সামিল হয়ে ব্যতিক্রম কিছুর চেষ্টায় তারা।

