এশিয়ার শেয়ারবাজারে পতন




সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান দ্বৈরথের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রে রাতারাতি পতনের পর এবার এশিয়ার শেয়ারবাজারেও পতন দেখা গেছে।
পাঁচ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো এশীয় স্টকে সাপ্তাহিক পতন দেখা গেছে। হংকং থেকে সিডনি পর্যন্ত ইকুইটি সূচকে পতন দেখা গেছে। এদিকে আমেরিকান ইকুইটি বাজারে অপ্রত্যাশিত শান্তভাবে থমকে গেছে এসঅ্যান্ডপি ৫০০ সূচক, একই সঙ্গে সিবিওসি ভলাটিলিটি ইনডেক্স বেড়েছে ৪৪ শতাংশ। মার্কিন স্টকের পতনের পর ইউরোপীয় ইকুইটি সূচকেও পতন দেখা গেছে।
দক্ষিণ কোরিয়ার স্টক ও মুদ্রার পতনের পাশাপাশি অস্থিতিশীলতা সূচক বৃদ্ধি পেয়েছে। মার্কিন মিত্রদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুমকির পর দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাবে স্বর্ণের দাম নয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে এবং ১ ডলারের বিপরীতে ১০৯ ইয়েন লেনদেন হয়েছে। তবে স্থানীয় বন্ড শক্তিশালী হয়েছে। সরকারি ছুটি থাকায় জাপানের শেয়ার বাজার বন্ধ ছিল।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা চলতি সপ্তাহে আর্থিক বাজারে প্রভাব ফেলেছে। এমএসসিআই এশিয়া প্যাসিফিক ইনডেক্সে দশমিক ৮ শতাংশ পতন ঘটেছে। চলতি সপ্তাহে সূচকটি ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিডনিতে দিনশেষের লেনদেনে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ ইনডেক্সে ১ দশমিক ২ শতাংশ পতন ঘটেছে। দুপুরের লেনদেনে হংকংয়ের হাং সেং সূচক হারিয়েছে ১ দশমিক ৮ শতাংশ। এছাড়া চলতি বছরের সবচেয়ে বড় সাপ্তাহিক পতনে দিকে এগিয়ে চলেছে সূচকটি। চীনের সাংহাই কম্পোজিট ইনডেক্স হারিয়েছে ১ দশমিক ৯ শতাংশ।