এশিয়ার বৃহত্ ৩০টি শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি তুলনা করে প্রতিবেদনটি তৈরি করেছে অক্সফোর্ডবিএসই। এখানে দেখা গেছে, বিগত পাঁচ বছরের তুলনায় এশিয়ায় ভারতের শহরগুলোর অর্থনীতিই সবচেয়ে দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে দেশটির আর্থিক ও সেবা খাতের অবদানই বেশি।
প্রতিবেদনটির প্রধান অর্থনীতিবিদ মার্ক ব্রিটন বলেন, স্থানীয় কোম্পানিগুলোয় বিদেশি বিনিয়োগের সীমা প্রায় উঠিয়ে নিয়েছে ভারত। এর ফলে জাপানের মোজি, অ্যামাজন ইনকরপোরেশনের মতো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এখানে অর্থলগ্নিতে আগ্রহী হয়ে উঠেছে।
অন্যদিকে চীনের অর্থনৈতিক সম্প্রসারণ অনেকটাই ধীর হয়ে পড়বে। কিন্তু তা সত্ত্বেও দেশটির বৃহত্তম পাঁচ শহর ছয় শতাংশ বা এরও কিছুটা বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। জনসংখ্যাতাত্ত্বিক চ্যালেঞ্জের কারণে জাপানের শহরগুলো তালিকায় সবচেয়ে নিচের সারিতে অবস্থান করছে। তালিকার সবচেয়ে শেষে রয়েছে দেশটির শহর ওসাকা। গত বছর ওসাকায় কর্মক্ষম জনসংখ্যার হার ১ শতাংশ কমে যায়।
