এশিয়া কাপ হকির সমাপনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে এমন পরিকল্পনাই ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের। কিন্তু সে পরিকল্পনা থেকে সরে এসেছে হকি ফেডারেশন । এখন উদ্বোধনের মতো সমাপনীও হচ্ছে সাদামাটা।
৩২ বছর পর এশিয়া কাপের আয়োজক হওয়ায় উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে বলে সবার প্রত্যাশা ছিলো। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান সাদামাটা হওয়ায় সমাপনীতে রাঙিয়ে দেয়ার কথা বলেছিলো বাংলাদেশ হকি ফেডারেশন। আতশবাজিসহ নানা আয়োজনের পরিকল্পনা ছিল সমাপনী অনুষ্ঠানের। কিন্তু এখন সমাপনীও একদম সাদামাটা হবে বলে জানিয়েছে তারা।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন প্রধান অতিথি, এর বেশি আর কিছু থাকছে না। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও খাজা রহমতউল্লাহ দুইজনই সমাপনী অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
২২ অক্টোবর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
